আজ শুক্রবার (১৩ নভেম্বর)। দিনটিতে রয়েছে এক ভিন্নধর্মী সমাপতন। একই দিনে পালিত হচ্ছে কুসংস্কারনির্ভর ‘ফ্রাইডে দ্য থার্টিন্থ’ বা অশুভ শুক্রবার এবং বিশ্ব দয়া দিবস (ওয়ার্ল্ড কাইন্ডনেস ডে)।
পাশ্চাত্য সংস্কৃতিতে শুক্রবার ১৩ তারিখকে অনেকেই দুর্ভাগ্য, দুর্ঘটনা ও অমঙ্গলের প্রতীক হিসেবে বিবেচনা করেন। অন্যদিকে, বিশ্ব দয়া দিবস মানুষকে সহমর্মিতা, উদারতা ও মানবিক আচরণের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার আহ্বান জানায়।
একই দিনে দুই দিবসের উপস্থিতি তৈরি করেছে এক ধরনের বৈপরীত্য। একদিকে কুসংস্কার মানুষকে সম্ভাব্য দুর্ভাগ্যের আশঙ্কায় সতর্ক করে, অন্যদিকে বিশ্ব দয়া দিবস অন্যের প্রতি ভালোবাসা, সহানুভূতি ও ভালো কাজের অনুপ্রেরণা জোগায়।
তবে শুক্রবার ১৩ তারিখ অন্য দিনের তুলনায় বেশি অশুভ কিংবা দুর্ভাগ্যজনক—এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই।
কেন শুক্রবার ১৩ তারিখকে অশুভ মনে করা হয়?
শুক্রবার ১৩ তারিখকে অশুভ মনে করার ধারণার পেছনে রয়েছে বহু পুরোনো পাশ্চাত্য বিশ্বাস ও কুসংস্কার। বিভিন্ন সংস্কৃতিতে ১৩ সংখ্যাটিকে দুর্ভাগ্যের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। একইভাবে শুক্রবার দিনটিকেও ঐতিহাসিকভাবে কিছু নেতিবাচক বিশ্বাসের সঙ্গে যুক্ত করা হয়েছে।
সময়ের সঙ্গে ১৩ সংখ্যার প্রতি নেতিবাচক ধারণা এবং শুক্রবারকে ঘিরে প্রচলিত বিশ্বাস একত্র হয়ে দিনটিকে অশুভ হিসেবে পরিচিত করেছে।
কী এই বিশ্ব দয়া দিবস?
বিশ্ব দয়া দিবস মূলত সহমর্মিতা, উদারতা, সহানুভূতি ও মানবিক কাজের গুরুত্ব তুলে ধরার একটি আন্তর্জাতিক দিবস।
১৯৯৮ সালের ১৩ নভেম্বর ওয়ার্ল্ড কাইন্ডনেস মুভমেন্টের উদ্যোগে প্রথমবারের মতো দিবসটি পালিত হয়।
দিবসটির প্রধান লক্ষ্য হলো ছোট ছোট ভালো কাজের মাধ্যমে মানুষের মধ্যে সৌহার্দ্য, পারস্পরিক সহযোগিতা ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়া।
অসহায় মানুষের পাশে দাঁড়ানো, বিপদে কাউকে সাহায্য করা, স্বেচ্ছাসেবামূলক কাজে অংশ নেওয়া কিংবা দৈনন্দিন জীবনে সামান্য ভালো আচরণের মাধ্যমেও দিবসটির তাৎপর্য বাস্তবায়ন করা সম্ভব।
একই দিনে অশুভ শুক্রবার ও বিশ্ব দয়া দিবসের উপস্থিতি যেন একটি ইতিবাচক বার্তা দেয়—কুসংস্কার বা অমঙ্গলের আশঙ্কায় নয়, বরং মানবিকতা ও ভালো কাজের মধ্য দিয়ে দিনটিকে সুন্দর করে তোলা সম্ভব।
সূত্র: গালফ নিউজ
বিএইচ

