পাকিস্তানের লাহোরে টিকটক ভিডিও তৈরির জন্য খাঁচা থেকে একটি বাঘিনীকে বের করার পর তার ভয়াবহ হামলায় তালহা (১৯) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। নিহত তরুণ ওই খামারবাড়ির কর্মী ছিলেন। এই ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং সংশ্লিষ্ট দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, লাহোরের কাহনা এলাকার একটি ব্যক্তিগত খামারবাড়িতে এ দুর্ঘটনা ঘটে। ভিডিও কনটেন্ট নির্মাতা নোমান হাসানের অনুরোধে টিকটক ভিডিও ধারণের উদ্দেশ্যে বাঘিনীটিকে খাঁচা থেকে বাইরে বের করা হয়েছিল। কিন্তু বাইরে আসার পরপরই বাঘিনীটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং খামারের কর্মী তালহার ওপর অতর্কিত হামলা চালায়।
বাঘিনীর আক্রমণে গুরুতর আহত তালহাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তবে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় খামারবাড়ির মালিক ফাইয়াজ এবং কনটেন্ট নির্মাতা নোমান হাসানকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। জানা গেছে, ওই খামারবাড়ির একটি প্রজননকেন্দ্রে বাঘিনীটিকে রাখা হয়েছিল।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ঘটনার পর বিষয়টি ধামাচাপা দিতে কনটেন্ট নির্মাতা নোমান হাসান প্রথমে দাবি করেছিলেন যে, তালহা কুকুরের আক্রমণে আহত হয়েছেন। তবে পুলিশি তদন্তে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ বেরিয়ে আসে।
এ বিষয়ে লাহোর পুলিশ এক বিবৃতিতে কঠোর অবস্থান ব্যক্ত করে বলেছে, “টিকটকের প্রতি আগ্রহ কোনোভাবেই মানুষের জীবনের চেয়ে গুরুত্বপূর্ণ হতে পারে না। শখ কিংবা বিনোদনের নামে মানুষের জীবন ঝুঁকিতে ফেলার সুযোগ কাউকে দেওয়া হবে না। ঘটনার তথ্য গোপনের চেষ্টা এবং যেকোনো ধরনের অবহেলার বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হবে।” এছাড়া খামারটিতে বাঘিনী রাখার বৈধ অনুমতি ছিল কি না এবং প্রাণীটির নিরাপত্তা ও নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছিল কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ।
উল্লেখ্য, গ্রেপ্তার হওয়া নোমান হাসান সামাজিক যোগাযোগমাধ্যমে বাঘ ও অন্যান্য হিংস্র বন্যপ্রাণীর সঙ্গে বিপজ্জনক ভিডিও প্রকাশের জন্য আগে থেকেই পরিচিত। তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত একটি ভিডিওতে শিকল দিয়ে বেঁধে রাখা বাঘকে চুমু দেওয়ার চেষ্টা করতে দেখা যায়। অন্য একটি ভিডিওতে চিতাবাঘকে আদর করতে গেলে প্রাণীটি তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে আঁচড় দিয়েছিল।
ডিআর

