প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের কার্যক্রম জনগণের কাছে আরও দ্রুত, স্বচ্ছ ও সরাসরি পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের (PMO) অফিসিয়াল ফেসবুক পেজ চালু করা হয়েছে। নতুন সরকারের প্রথম কার্যদিবস বুধবার (১৮ ফেব্রুয়ারি) পেজটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
পেজটির নাম রাখা হয়েছে ‘PMO Bangladesh - প্রধানমন্ত্রীর কার্যালয়’। এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে নাগরিকরা সরাসরি সরকারি নীতিনির্ধারণী সিদ্ধান্ত, উন্নয়নমূলক কর্মকাণ্ড, গুরুত্বপূর্ণ ঘোষণা এবং প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় ও ব্যক্তিগত কর্মসূচির খবর তাৎক্ষণিকভাবে জানতে পারবেন।
উদ্বোধনের প্রথম দিনেই পেজটি ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে পেজটিতে প্রায় ৩ লাখ ৭০ হাজার ফলোয়ার যুক্ত হয়েছে। ডিজিটাল যোগাযোগে সরকারের এই নতুন উদ্যোগ এবং জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
পেজটির প্রোফাইল ছবিতে রাখা হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি। কভার ফটোটিতেও রয়েছে বিশেষত্বের ছোঁয়া; যার বাম পাশে বাংলাদেশের জাতীয় পতাকা, মাঝখানে প্রধানমন্ত্রীর সরকারি লোগো এবং ডান পাশে জনসমাবেশে দাঁড়িয়ে থাকা প্রধানমন্ত্রীর একটি চিত্র ব্যবহার করা হয়েছে। এই ভিজ্যুয়াল ডিজাইনটি মূলত সরকারের সঙ্গে জনগণের নিবিড় সম্পর্কের প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে।
সরকার জানিয়েছে, তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতেই এই উদ্যোগ। পেজটির মাধ্যমে নাগরিকরা কেবল তথ্যই পাবেন না, বরং সরাসরি মন্তব্য ও প্রতিক্রিয়ার মাধ্যমে সরকারি কার্যক্রমে নিজেদের মতামত প্রকাশের সুযোগ পাবেন। ভবিষ্যতে গুরুত্বপূর্ণ বৈঠক, জনসভা ও প্রকল্পের অগ্রগতি সচিত্র প্রতিবেদন এবং ভিডিও লাইভের মাধ্যমে সরাসরি প্রচার করা হবে।
এদিকে, নতুন সরকার দায়িত্ব গ্রহণ করায় পূর্বতন অন্তর্বর্তী সরকারের অফিসিয়াল ফেসবুক পেজ ‘Chief Advisor GOB’ থেকে বুধবার সকালে একটি বিদায়ী পোস্ট দেওয়া হয়েছে। সেই পোস্টে জানানো হয়, এখন থেকে উক্ত পেজটির সব ধরনের কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হলো।
মানবকণ্ঠ/ডিআর




Comments