Image description

জ্বালানি তেলের লাগামহীন মূল্যবৃদ্ধি এবং পরিবেশ সচেতনতার এই সময়ে দেশে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে ইলেকট্রিক বাইক বা ই-বাইক। বিশেষ করে রাজধানী ঢাকায় যাতায়াত খরচ কমাতে ই-বাইকের চাহিদা এখন তুঙ্গে। এই চাহিদাকে সামনে রেখে দেশের বাজারে ‘পোল্যাক্স’ (Pollax) সিরিজের চারটি আধুনিক ই-বাইক নিয়ে এসেছে আমদানিকারক প্রতিষ্ঠান ম্যাস গ্লোবাল সলিউশনস লিমিটেড।

ইউরোপীয় মান ও চীনের উন্নত প্রযুক্তির সমন্বয়ে তৈরি এই বাইকগুলো দেশের সড়কব্যবস্থা এবং ব্যবহারকারীদের প্রয়োজন বিবেচনায় বিশেষভাবে ডিজাইন করা হয়েছে।

এক নজরে পোল্যাক্স সিরিজের ৪ মডেল:

১. পোল্যাক্স ডাবল স্টার: এটি একটি ডুয়াল পাওয়ার (ইলেকট্রিক ও জেনারেটর) সমৃদ্ধ বাইক। একবার চার্জে এটি সর্বোচ্চ ৩০০ কিলোমিটার পর্যন্ত চলতে সক্ষম। এর সর্বোচ্চ গতি ঘণ্টায় ৮৫ কিলোমিটার। এতে এলসিডি ডিসপ্লে, অ্যান্টি-থিফ অ্যালার্ম ও ইউএসবি চার্জিং সুবিধাও রয়েছে।

২. পোল্যাক্স লোন স্টার: শহরের দৈনন্দিন ব্যবহারের জন্য তৈরি এই মডেলে রয়েছে ১৫০০ ওয়াটের মোটর এবং সর্বোচ্চ ৭০ কিলোমিটার গতি। লিথিয়াম ব্যাটারির এই বাইকটিতে রিভার্স গিয়ার ও ওয়াটারপ্রুফ ব্যাটারি সুবিধা রয়েছে। ব্যাটারির জন্য প্রতিষ্ঠানটি দুই বছরের ওয়ারেন্টি দিচ্ছে।

৩. পোল্যাক্স স্টার ১২৫: যারা স্পোর্টি লুক পছন্দ করেন, তাদের জন্য এই মডেলটি। এর গতিবেগ ঘণ্টায় ১১০ কিলোমিটার। এতে ১২ লিটারের ফুয়েল ট্যাংক, ডিজিটাল ডিসপ্লে এবং উন্নত ব্রেকিং সিস্টেম যুক্ত করা হয়েছে।

৪. পোল্যাক্স ট্রাই স্টার: বয়স্ক ব্যক্তি এবং পণ্য পরিবহনের উপযোগী করে তৈরি করা হয়েছে এই তিন চাকার বাইকটি। এতে রয়েছে ১৫০০ ওয়াটের মোটর, শক্তিশালী লিথিয়াম ব্যাটারি এবং ফুল বডিগার্ড সুবিধা।

প্রতিষ্ঠানটির দাবি, লিথিয়াম ব্যাটারিচালিত এসব ই-বাইক একবার পূর্ণ চার্জে প্রায় ৯০ কিলোমিটার চলতে পারে, যাতে বিদ্যুৎ খরচ হয় মাত্র ১০ টাকার মতো। ফলে জ্বালানি তেলের তুলনায় যাতায়াত খরচ এক-দশমাংশে নেমে আসবে।

ম্যাস গ্লোবাল সলিউশনস লিমিটেডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মাসুদ রেজওয়ান বলেন, “আমরা গ্রাহকদের জন্য সঠিক স্পেসিফিকেশন এবং নির্ভরযোগ্য বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করছি। প্রতিটি বাইকের জন্য শতভাগ খুচরা যন্ত্রাংশ আমাদের কাছে মজুত রয়েছে। আন্তর্জাতিক আইএসও মানদণ্ড অনুসরণ করে এসব বাইক উৎপাদন করা হয়েছে।”

আগ্রহী ক্রেতারা রাজধানীর মহাখালীতে এস কে এস টাওয়ারে অবস্থিত প্রধান কার্যালয় অথবা ঢাকা ক্যান্টনমেন্টের বাগানবাড়ি এলাকার শোরুমে সরাসরি ই-বাইকগুলো পরিদর্শন করতে পারবেন।

মানবকণ্ঠ/ডিআর