Image description

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ থেকে বাড়িয়ে ৩২ বছর করার জন্য অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশের সঙ্গে একমত পোষণ করেছে সংসদীয় বিশেষ কমিটি। মঙ্গলবার (২৪ মার্চ) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন বিরোধীদলীয় হুইপ ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। তিনি জানান, সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষসহ বিভিন্ন সংস্থায় সরাসরি নিয়োগের বয়সসীমা ৩২ বছর করার বিষয়ে কমিটির সদস্যরা একমত হয়েছেন।

বৈঠক সূত্রে জানা গেছে, আলোচনায় জামায়াতে ইসলামীর সংসদ সদস্যরা বয়সসীমা বাড়িয়ে ৩৫ বছর করার প্রস্তাব উত্থাপন করেন। জবাবে সরকারি দলের পক্ষ থেকে বলা হয়, বয়স বৃদ্ধির বিষয়ে নীতিগতভাবে সবাই একমত। তবে ৩৫ বছরের প্রস্তাবটি চাইলে সংসদে নতুন করে বিল আকারে উত্থাপন করা যেতে পারে।

রফিকুল ইসলাম খান বলেন, "চাকরির বয়সসীমা ৩২ বছর রাখার বিষয়ে কমিটির সবাই একমত হয়েছেন। আমরা আমাদের দলের পক্ষ থেকে ৩৫ বছর করার প্রস্তাব দিয়েছি, যা পরবর্তীতে সংসদে বিল আকারে তোলার পরামর্শ দেওয়া হয়েছে।"

উল্লেখ্য, এর আগে অন্তর্বর্তী সরকার এক অধ্যাদেশের মাধ্যমে সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করেছিল। সংসদীয় কমিটির এই সম্মতির ফলে বিষয়টি এখন সংসদীয় প্রক্রিয়ায় চূড়ান্ত আইনি রূপ পাওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেল।

মানবকণ্ঠ/ডিআর