Image description

‘জুলাই জাতীয় সনদ’কে অবৈধ ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা এবং এর কার্যকারিতা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে এ রিট করেন আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ।

রিটে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, জাতীয় ঐক্যমত কমিশন এবং প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। রিটকারী আইনজীবী জানান, আগামী সপ্তাহে বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে আবেদনটির ওপর শুনানি হতে পারে।

এর আগে, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা চ্যালেঞ্জ এবং ১৩ ফেব্রুয়ারি ঘোষিত ফলাফল বাতিল চেয়ে পৃথক আরেকটি রিট দায়ের করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী এ বি এম আতাউল মজিদ তৌহিদ জনস্বার্থে ওই রিটটি করেন।

সেই রিটে প্রধান নির্বাচন কমিশনার, মন্ত্রিপরিষদ সচিব ও আইন সচিবকে বিবাদী করা হয়েছে। জানা গেছে, আগামী সপ্তাহে বিচারপতি ফাতেমা নজীবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এ আবেদনটির ওপরও শুনানি হতে পারে।

মানবকণ্ঠ/আরআই