Image description

কক্সবাজারের রামু উপজেলার আলোচিত বেলাল উদ্দিন জিহাদ হত্যা মামলার প্রধান পলাতক আসামি ও নিহতের স্ত্রী তাহেরা বেগম আঁখিকে (৩২) গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫। সোমবার (১৬ মার্চ) বিকেলে উখিয়ার কোটবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাদের একটি চৌকস আভিযানিক দল বিশেষ অভিযান চালিয়ে উখিয়া থানাধীন কোটবাজার এলাকা থেকে তাহেরা বেগম আঁখিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, গত ৪ মার্চ রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের পূর্ব মেরংলোয়া এলাকার একটি ভাড়া বাসা থেকে বেলাল উদ্দিন জিহাদের (২২) গলা কাটা ও অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জিহাদ রাজারকুল ইউনিয়নের হাজীপাড়ার বাসিন্দা এবং পেশায় টমটম চালক ছিলেন। ঘটনার পর থেকেই তার স্ত্রী তাহেরা বেগম আঁখি আত্মগোপনে চলে যান।

এ ঘটনায় নিহতের পরিবার বাদী হয়ে রামু থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যাকাণ্ডের পর থেকেই র‍্যাব-১৫ ঘটনাটির ছায়াতদন্ত শুরু করে এবং আসামিকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বাড়ায়। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। গ্রেপ্তার হওয়া তাহেরা বেগম আঁখি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘টিকটকার’ হিসেবে পরিচিত ছিলেন।

গ্রেপ্তারকৃত আসামি তাহেরা বেগম আঁখির বাবা মোহাম্মদ মুসা।

তার বাড়ি উখিয়া উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের দারিয়ার দিঘী এলাকার থোয়াইংগাকাটা গ্রামে।

র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আ ম ফারুক জানান, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রামু থানায় হস্তান্তর করা হয়েছে।