হামের টিকাদান কর্মসূচিকে রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে বেসরকারি খাতে স্থানান্তরের মাধ্যমে ‘অপরাধমূলক কর্মকাণ্ডে’ জড়িত থাকার অভিযোগে ড. মুহাম্মদ ইউনূসসহ অন্তর্বর্তীকালীন সরকারের সব উপদেষ্টা ও বিশেষ সহকারীদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে এই অশুভ কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত তদন্ত কমিটি গঠনের দাবি জানানো হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ আশরাফুল ইসলাম সরকারের সংশ্লিষ্ট সচিবদের বরাবর এই নোটিশ পাঠান। নোটিশে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ড. ইউনূস ও তার পরিষদ সদস্যদের বিদেশ যাত্রায় আইনি কড়াকড়ি আরোপের আবেদন জানানো হয়েছে।
নোটিশ দাতা ব্যারিস্টার আশরাফুল ইসলাম জানান, সম্প্রতি সারাদেশে বিলুপ্তপ্রায় রোগ ‘হাম’-এর ভয়াবহ প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এই প্রাদুর্ভাবে ইতোমধ্যে কয়েকশ শিশুর মৃত্যু হয়েছে এবং অসংখ্য নাগরিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অভিযোগ উঠেছে, জনস্বার্থ উপেক্ষা করে হামের টিকাদান প্রক্রিয়াকে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ থেকে সরিয়ে বেসরকারি বা প্রাইভেট খাতে দেওয়ার মাধ্যমে এক ধরনের অশুভ বাণিজ্য করা হয়েছে, যা চরম অপরাধমূলক।
নোটিশে ড. মুহাম্মদ ইউনূস ছাড়াও সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, আদিলুর রহমান খান শুভ্র, নূর জাহান বেগম, ব্রিগেডিয়ার (অব.) সাখাওয়াত হোসেন, জাহাঙ্গীর আলম চৌধুরী, মোস্তফা সরয়ার ফারুকীসহ সব উপদেষ্টা, সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং সংশ্লিষ্ট ব্যক্তিগত সহকারীদের নাম উল্লেখ করা হয়েছে।
কেবিনেট সচিব, স্বাস্থ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্টদের পাঠানো এই নোটিশে বলা হয়েছে, আগামী ৫ কার্যদিবসের মধ্যে এই ‘টিকা বাণিজ্য’ ও স্বাস্থ্য সংকটের বিষয়ে উচ্চক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করতে হবে। তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত অভিযুক্ত কাউকেই দেশত্যাগ করতে দেওয়া যাবে না। নির্ধারিত সময়ের মধ্যে পদক্ষেপ না নিলে উচ্চ আদালতে রিট আবেদন করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।
মানবকণ্ঠ/আরআই




Comments