আসন্ন হজ মৌসুমে সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের তিনজন উপসচিবকে সহকারী মৌসুমি হজ অফিসার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (৬ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে প্রেষণে এই নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা হলেন— ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব (অনুদান ও অধিশাখা) মোহা. রুহুল আমিন, উপসচিব (হজ-২ শাখা) মো. রফিকুল ইসলাম এবং উপসচিব (হজ-১ শাখা) মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়া। প্রজ্ঞাপন অনুযায়ী, তাদের চাকরি এখন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
দায়িত্ব বণ্টন অনুযায়ী, মোহা. রুহুল আমিন সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ হজ অফিসে, মো. রফিকুল ইসলাম মদিনায় বাংলাদেশ হজ অফিসে এবং মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়া মক্কায় বাংলাদেশ হজ অফিসে সহকারী মৌসুমি হজ অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করবেন। আগামী ১৮ এপ্রিল থেকে হজের প্রথম ফ্লাইট শুরু হওয়ার কথা রয়েছে। হজে যাওয়া বাংলাদেশিদের প্রয়োজনীয় সেবা ও আইনি সহায়তা নিশ্চিত করতেই এই কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়েছে।
মানবকণ্ঠ/আরআই




Comments