Image description

দেশে হামের সংক্রমণ পরিস্থিতি ক্রমে উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে এবং এর উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যানুযায়ী, মৃতদের মধ্যে ২ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিলেন এবং বাকি ৫ জন মারা গেছেন হামের উপসর্গ নিয়ে। সোমবার (৬ এপ্রিল) অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আশঙ্কাজনক তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত এক দিনে সারা দেশে হামের উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৪৬২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা ছিল ১ হাজার ২৮২ জন। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ল্যাব পরীক্ষায় ১৮০ জনের শরীরে নিশ্চিতভাবে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে, গত ১৫ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত দেশে সন্দেহভাজন হাম রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৫৩৪ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৯ জন। এই সময়ের মধ্যে সন্দেহভাজন ও নিশ্চিত হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫ হাজার ৯৪০ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ হাজার ১৬ জন।

মৃত্যুর পরিসংখ্যানে দেখা গেছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ২০ জনের মৃত্যু হয়েছে। তবে একই সময়ে হামের উপসর্গ বা সন্দেহভাজন হিসেবে প্রাণ হারিয়েছেন ১১৮ জন। গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগেই সবচেয়ে বেশি ৫ জনের মৃত্যু হয়েছে, যা পরিস্থিতির গুরুত্ব নির্দেশ করছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম একটি অত্যন্ত ছোঁয়াচে রোগ। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এটি প্রাণঘাতী হতে পারে। হঠাৎ করে এই রোগের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় অভিভাবক ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিকাদান কর্মসূচি জোরদার করার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর।

মানবকণ্ঠ/আরআই