Image description

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অলরাউন্ডার নাসির হোসেনের সঙ্গে নিজের বিয়েকে সম্পূর্ণ বৈধ দাবি করেছেন তাঁর স্ত্রী তামিমা সুলতানা তাম্মি। বুধবার (৮ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে জেরার সম্মুখীন হয়ে তিনি এ দাবি করেন।

শুনানি চলাকালে তামিমা নিজেকে নির্দোষ দাবি করে বলেন, “নাসির হোসেনের সঙ্গে আমার বিয়ে সম্পূর্ণ বৈধ প্রক্রিয়ায় সম্পন্ন হয়েছে। আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। আমি আদালতের কাছে ন্যায়বিচার প্রত্যাশা করছি।”

মামলার বিবরণ থেকে জানা যায়, প্রথম স্বামী রাকিব হাসানকে তালাক না দিয়েই ক্রিকেটার নাসির হোসেনকে বিয়ে করার অভিযোগে ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি মামলাটি দায়ের করা হয়। মামলার বাদী তামিমার সাবেক স্বামী রাকিব হাসান। ওই বছরের ৩০ সেপ্টেম্বর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে, যেখানে বলা হয় তামিমা ও রাকিবের বিচ্ছেদ আইনত কার্যকর হয়নি।

পরবর্তীতে ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি আদালত নাসির হোসেন ও তামিমা সুলতানার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। উল্লেখ্য, ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে রাজধানীর উত্তরার একটি রেস্তোরাঁয় নাসির ও তামিমার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছিল। প্রচলিত আইন অনুযায়ী, এই মামলায় অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তদের ৫ থেকে ৭ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

মানবকণ্ঠ/আরআই