Image description

দীর্ঘ প্রায় অর্ধশতাব্দী ধরে যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম প্রধান হুমকি হিসেবে বিবেচিত ইরান এখন আর সেই অবস্থানে নেই বলে দাবি করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। পেন্টাগনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

হেগসেথ বলেন, “গত ৪৭ বছর ধরে ইরান যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় হুমকি ছিল, কিন্তু বর্তমানে সেই পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেছে। ইরান এখন আর আমেরিকার নিরাপত্তার জন্য কোনো ঝুঁকি নয়।” এই পরিবর্তনের জন্য তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প ইতিহাস সৃষ্টি করেছেন এবং তাঁর বলিষ্ঠ নেতৃত্বের কারণেই আজ আমরা এই অবস্থানে পৌঁছেছি।”

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী দাবি করেন, সাম্প্রতিক যুদ্ধবিরতির জন্য ইরানই প্রথম আগ্রহ দেখিয়েছে। তাঁর ভাষায়, “এই মুহূর্তটি প্রেসিডেন্ট ট্রাম্পই তৈরি করেছেন। আমরা সবাই জানি যে যুদ্ধবিরতির জন্য ইরান নিজেই আবেদন করেছে।”

সংবাদ সম্মেলনে তিনি ‘অপারেশন এপিক ফিউরি’-কে একটি ‘ঐতিহাসিক এবং অপ্রতিরোধ্য’ অভিযান হিসেবে বর্ণনা করেন। তিনি দাবি করেন, এই সামরিক অভিযানের ফলে ইরানের দীর্ঘদিনের সামরিক সক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে তারা আর কোনো বড় ধরনের সংঘাতের সামর্থ্য রাখে না। বর্তমান এই স্থিতিশীলতাকে ‘বিশ্ব শান্তির জন্য একটি বড় দিন’ হিসেবে অভিহিত করেন পিট হেগসেথ।

মানবকণ্ঠ/আরআই