নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ছোটপর্দার অভিনেত্রী তানজিন তিশা। সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, ‘বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না।’
তিশা বলেন, দেশে বিভিন্ন জায়গায় নিরাপত্তার ঘাটতি রয়েছে। সাধারণ মানুষকে এমন অনেক পরিস্থিতির মুখোমুখি হতে হয়, যা তাদের প্রাপ্য নয়। অনেক ক্ষেত্রে বিষয়গুলো অন্যায্য মনে হয় এবং ন্যায়বিচারও পাওয়া যায় না বলে মন্তব্য করেন তিনি।
বিশেষ করে নারীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার আহ্বান জানান এই অভিনেত্রী। যেকোনো পরিস্থিতিতে নারীদের নিরাপত্তা আরও বাড়ানোর ওপর জোর দেন তিনি।
নিজের সোনার গয়না নিয়েও কথা বলেন তানজিন তিশা। তার মতে, সোনার গয়না ব্যাগে রেখে ঘোরার পরিবর্তে পরে ঘোরাই ভালো। তবে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে আরও কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
র্যাম্প মডেলিংয়ের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন তানজিন তিশা। অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত একটি বিজ্ঞাপনে অভিনয়ের মাধ্যমে মডেল হিসেবে পরিচিতি পান তিনি।
২০১২ সালে রিজভী ওয়াহিদ ও শুভমিতার গাওয়া ‘চোখেরই পলকে’ গানের মিউজিক ভিডিওতে অভিনয় করে আলোচনায় আসেন তিশা। পরে ইমরান মাহমুদুলের ‘বলতে বলতে চলতে চলতে’ গানেও তাকে দেখা যায়।
এরপর ছোটপর্দায় নিয়মিত অভিনয় করে পরিচিতি পান তিনি। পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও কাজ করছেন এই অভিনেত্রী। সম্প্রতি নিজের নিরাপত্তা নিয়ে দেওয়া মন্তব্যের পর নতুন করে আলোচনায় এসেছেন তানজিন তিশা।
এসএস




Comments