ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহিদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদকে অস্ত্র আইনের মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ মাহমুদুল মোহসীন এই রায় ঘোষণা করেন।
গত রবিবার মামলার যুক্তিতর্ক শেষ হওয়ার পর আদালত রায়ের জন্য আজকের দিন ধার্য করেছিলেন। রায়ে ফয়সাল করিমকে অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় দোষী সাব্যস্ত করে ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। আসামি বর্তমানে পলাতক থাকায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন আদালত।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ৭ নভেম্বর আদাবরের বায়তুল আমান হাউজিং সোসাইটির একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে ফয়সাল করিমকে আটক করে র্যাব-২। সে সময় তাঁর ঘর থেকে চার রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। পরদিন আদাবর থানায় তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেন র্যাবের হাবিলদার মশিউর রহমান।
পুলিশের তদন্তে উঠে আসে যে, ফয়সাল করিম এলাকায় চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ এবং মাদক ব্যবসার মূল হোতা হিসেবে পরিচিত। জমি দখল ও খুনের মতো অপরাধ সংঘটনের উদ্দেশ্যে তিনি অবৈধ অস্ত্র নিজের কাছে রাখতেন। গত বছরের ২৮ মার্চ আদালতে তাঁর বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। বিচার চলাকালে আদালত মোট ১৪ জন সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্য গ্রহণ করেন।
আদালত সূত্রে জানা গেছে, গত বছরের ১৭ নভেম্বর পর্যন্ত ফয়সাল করিম জামিনে ছিলেন। এরপর ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে চলে যান। সাম্প্রতিক বিভিন্ন সূত্রে জানা গেছে, তিনি অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালানোর পর সেখানে গ্রেপ্তার হয়েছেন।
মানবকণ্ঠ/আরআই




Comments