Image description

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অধীনে আগামী শনিবার অনুষ্ঠিতব্য প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত করেছেন হাইকোর্ট। এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতের আদেশের ফলে আগামী দুই মাসের জন্য এই নিয়োগ পরীক্ষা স্থগিত থাকবে। একই সঙ্গে এনটিআরসিএ কর্তৃক গত ২৫ মার্চ ইস্যু করা সংশোধিত বিজ্ঞপ্তির কার্যকারিতাও দুই মাসের জন্য স্থগিত করা হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট হুমায়ুন কবির বুলবুল।

মামলার বিবরণ থেকে জানা যায়, গত ২৯ জানুয়ারি এনটিআরসিএ এক বিজ্ঞপ্তির মাধ্যমে দেশের স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের ১৩ হাজার ৫৫৯টি শূন্য পদে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগের আবেদন আহ্বান করে। ওই বিজ্ঞপ্তিতে শিক্ষকদের অভিজ্ঞতার সময়সীমা চাওয়া হয়েছিল ১০ থেকে ১৫ বছর।

তবে রিটকারীদের অভিযোগ, আবেদন প্রক্রিয়া চলাকালীন হঠাৎ করেই জনবল কাঠামো ও এমপিও নীতিমালায় পরিবর্তন আনা হয়। নতুন নীতিমালায় অভিজ্ঞতার সময় বাড়িয়ে ১৮ বছর করা হয়। এর ফলে আগের বিজ্ঞপ্তির ভিত্তিতে আবেদন করা অনেক প্রার্থী অযোগ্য হয়ে পড়েন। পরবর্তীতে গত ২৫ মার্চ এনটিআরসিএ আগের বিজ্ঞপ্তিটি বাতিল করে নতুন সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করে।

এই সংশোধিত বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে দেশের বিভিন্ন এলাকার ১১৪ জন আবেদনকারী হাইকোর্টে রিট করেন। প্রাথমিক শুনানি শেষে আদালত এই স্থগিতাদেশ দেন। একই সঙ্গে ২৫ মার্চের সংশোধিত বিজ্ঞপ্তিটি কেন অবৈধ ও আইনগত ক্ষমতা বহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে চার সপ্তাহের রুল জারি করেছেন আদালত। শিক্ষা সচিব ও এনটিআরসিএ কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

মানবকণ্ঠ/ডিআর