Image description

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অধীনে আগামী শনিবার (১৮ এপ্রিল) অনুষ্ঠিতব্য প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় আর কোনো বাধা থাকলো না। হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে আজ দুপুরে এক রিট আবেদনের শুনানি শেষে এই নিয়োগ পরীক্ষা দুই মাসের জন্য স্থগিত করেছিলেন হাইকোর্ট। বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ওই আদেশ দিয়েছিলেন। পরে রাষ্ট্রপক্ষ হাইকোর্টের সেই আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে আপিল করলে বিকেলেই তা মঞ্জুর করা হয়। ফলে পূর্বনির্ধারিত ১৮ এপ্রিল এই পরীক্ষা অনুষ্ঠিত হতে আইনগত আর কোনো বাধা রইল না।

মামলার সূত্রে জানা গেছে, গত ২৯ জানুয়ারি দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ১৩ হাজার ৫৫৯টি শূন্য পদে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগের বিজ্ঞপ্তি দেয় এনটিআরসিএ। ওই বিজ্ঞপ্তিতে অভিজ্ঞতার শর্ত ছিল ১০ থেকে ১৫ বছর। কিন্তু আবেদন প্রক্রিয়া চলাকালীন জনবল কাঠামো ও এমপিও নীতিমালায় পরিবর্তন এনে অভিজ্ঞতার সময়সীমা বাড়িয়ে ১৮ বছর করা হয়। এর প্রেক্ষিতে গত ২৫ মার্চ আগের বিজ্ঞপ্তি বাতিল করে নতুন শর্তে সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ।

সংশোধিত বিজ্ঞপ্তির কারণে আগের অনেক আবেদনকারী অযোগ্য হয়ে পড়ায় এর বৈধতা চ্যালেঞ্জ করে ১১৪ জন প্রার্থী হাইকোর্টে রিট করেন। ওই রিটের প্রাথমিক শুনানি নিয়ে দুপুরে হাইকোর্ট পরীক্ষা স্থগিত করলেও বিকেলেই চেম্বার আদালত তা বাতিল করে দেন।

মানবকণ্ঠ/ডিআর