Image description

বাংলাদেশ পুলিশের ইউনিফর্ম পুনরায় পরিবর্তনের উদ্যোগ বন্ধ এবং এ সংক্রান্ত সব ধরনের প্রশাসনিক কার্যক্রম স্থগিত করার অনুরোধ জানিয়ে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সুপ্রিম কোর্টের তিন আইনজীবী—ড. সৈয়দা নাসরিন, জান্নাতুল ইসলাম পিয়া ও সালমা কুলসুমের পক্ষে আইনজীবী মো. শাহিনুজ্জামান এই নোটিশ পাঠান।

নোটিশটি মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, অর্থ সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং অতিরিক্ত ডিআইজি (লজিস্টিকস) বরাবর পাঠানো হয়েছে।

নোটিশে বলা হয়েছে, বর্তমানে দেশ একটি বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। এ অবস্থায় পুলিশের ইউনিফর্ম পরিবর্তনের পেছনে কোটি কোটি টাকা ব্যয় করার সিদ্ধান্ত কোনোভাবেই যুক্তিযুক্ত নয়। ২০২৫ সালে পুলিশের ড্রেস রুলস সংশোধন করে ইউনিফর্ম পরিবর্তন করতে গিয়ে সরকারের প্রায় ৭৬ কোটি টাকা ব্যয় হয়েছিল। কয়েক বছরের ব্যবধানে পুনরায় একই ধরনের উদ্যোগ রাষ্ট্রীয় কোষাগারের ওপর অপ্রয়োজনীয় চাপ সৃষ্টি করবে।

আইনজীবী শাহিনুজ্জামান জানান, "পোশাকের রং পরিবর্তন করলেই পুলিশ বাহিনীতে প্রকৃত সংস্কার আসে না। বাহিনীর পেশাদারিত্ব, মানবাধিকার রক্ষা, জবাবদিহিতা এবং সেবার মানোন্নয়নই হলো প্রকৃত সংস্কারের পথ। অর্থনৈতিক সংকটের এই সময়ে এমন সিদ্ধান্ত প্রশাসনিক অস্থিরতা ও অপরিকল্পিত রাষ্ট্রীয় ব্যয়ের শামিল।"

নোটিশে আরও ৫ দফা দাবি জানানো হয়েছে। যার মধ্যে রয়েছে—ইউনিফর্ম পরিবর্তন সংক্রান্ত সব প্রস্তাব ও বাস্তবায়ন কার্যক্রম অবিলম্বে বন্ধ করা, আগের পরিবর্তনের ব্যয়কৃত অর্থের পূর্ণ হিসাব প্রকাশ করা এবং নতুন করে অর্থ ব্যয় না করে মজুদ থাকা পোশাক ধাপে ধাপে ব্যবহার নিশ্চিত করা।

নোটিশদাতারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আগামী ১৫ দিনের মধ্যে এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা না হলে জনস্বার্থে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টে রিট আবেদন করা হবে।

মানবকণ্ঠ/ডিআর