Image description

মানহানির মামলায় ৮ সপ্তাহের আগাম জামিন পেয়েছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা মুফতি আমির হামজা। তবে ভবিষ্যতে জনসমক্ষে বিরূপ মন্তব্য করার ক্ষেত্রে তাকে বিশেষভাবে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত।

সোমবার বিচারপতি জাহিদ সারোয়ার ও বিচারপতি আবু তাহেরের দ্বৈত হাইকোর্ট বেঞ্চে তার আবেদনের ওপর শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে গত ২৬ মার্চ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে একটি বক্তব্য দেন। সেই বক্তব্যকে ঘিরে কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর বড় জামে মসজিদে জুমার নামাজের খুতবার আগে আলোচনায় তাকে মানহানির মন্তব্যের অভিযোগ আসে আমির হামজার বিরুদ্ধে।

পরে ২ এপ্রিল আমির হামজার বিরুদ্ধে সিরাজগঞ্জে মানহানির মামলা করেন জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির।

আমির হামজাকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়েছিল। তবে তিনি নির্ধারিত তারিখে আদালতে উপস্থিত না হওয়ায় ২১ এপ্রিল সিরাজগঞ্জের চৌহালী আমলি আদালতের বিচারক সুমন ভূঁইয়া আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

জামিন মঞ্জুর করার সময় আদালত উল্লেখ করেন যে, দায়িত্বশীল পদে থেকে যেকোনো ধরনের মন্তব্য করার ক্ষেত্রে আরও যত্নশীল হওয়া প্রয়োজন। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না করার শর্তে তাকে এই জামিন দেওয়া হয়েছে। 

সংশ্লিষ্ট আইনজীবীরা জানিয়েছেন, ৮ সপ্তাহ পর তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করে পুনরায় জামিনের আবেদন করতে হবে।