আদালতে নেওয়ার পথে প্রিজনভ্যান দুর্ঘটনা, সাবেক মন্ত্রী পলকসহ আহত বেশ কয়েকজন
সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে বহনকারী একটি পুলিশের প্রিজনভ্যান দুর্ঘটনার কবলে পড়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে তাঁকে কারাগার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। এতে পলকসহ ভ্যানে থাকা আরও কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
আদালত সূত্রে জানা যায়, জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ পলককে ট্রাইব্যুনালে হাজির করার কথা ছিল। সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে রওনা হওয়ার কিছু সময় পর ভ্যানটি যান্ত্রিক ত্রুটি বা অন্য কোনো কারণে দুর্ঘটনার শিকার হয়। এতে পলক শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান।
উল্লেখ্য, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ বর্তমানে সাক্ষ্যগ্রহণ চলছে। গত বুধবার থেকেই এই মামলার সাক্ষ্যগ্রহণের প্রক্রিয়া শুরু হয়। মামলার অন্যতম আসামি সজীব ওয়াজেদ জয় বর্তমানে পলাতক থাকলেও জুনাইদ আহমেদ পলক গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।
জুলাই-আগস্টের আন্দোলনে ছাত্র-জনতার ওপর দমন-পীড়ন ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তাঁদের বিরুদ্ধে এই মামলাটি বিচারাধীন রয়েছে। দুর্ঘটনার পর কড়া নিরাপত্তায় আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।
মানবকণ্ঠ/আরআই




Comments