প্রধানমন্ত্রীর কাছে চাঁদাবাজি ও দুর্নীতি রুখতে কার্ড চাইলেন আসিফ মাহমুদ
দেশের ক্রমবর্ধমান চাঁদাবাজি ও দুর্নীতি দমনে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ‘চাঁদাবাজবিরোধী’ এবং ‘দুর্নীতিবিরোধী’ কার্ড চালুর দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণের নবগঠিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
আসিফ মাহমুদ বলেন, বর্তমান সরকার যেকোনো সমস্যার সমাধানে ‘কার্ড’ (যেমন: ফ্যামিলি কার্ড, এলপিজি কার্ড) দেওয়ার যে প্রবণতা শুরু করেছে, সেই ধারাবাহিকতায় দেশের প্রধান দুই অভিশাপ—চাঁদাবাজি ও দুর্নীতি থেকে মুক্তি পেতেও জনগণের জন্য বিশেষ কার্ডের প্রয়োজন।
এনসিপির রাজনৈতিক নীতি স্পষ্ট করে তিনি বলেন, সাধারণ মানুষের জন্য এনসিপির দরজা সব সময় খোলা থাকলেও গণহত্যাকারী, ফ্যাসিবাদের সহযোগী, সন্ত্রাসী বা চাঁদাবাজদের এই দলে কোনো ঠাঁই নেই। বর্তমান প্রশাসনের সমালোচনা করে তিনি দাবি করেন, রাষ্ট্র পরিচালনায় সরকার জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থতার পরিচয় দিচ্ছে এবং গণরায়ের যথাযথ মর্যাদা রক্ষা করতে পারছে না।
জ্বালানি সংকট ও অর্থনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে এনসিপি মুখপাত্র সরকারের তথ্যের অস্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, “সরকার তেলের পর্যাপ্ত মজুত থাকার কথা বললেও পাম্পগুলোতে মানুষ ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে তেল পাচ্ছে না। আবার ২০ হাজার কোটি টাকা ছাপানোর বিষয়টি নিয়েও সরকার লুকোচুরি করছে, যা চরম প্রশাসনিক দুর্বলতার বহিঃপ্রকাশ।”
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে দলের প্রস্তুতির কথা জানিয়ে আসিফ মাহমুদ বলেন, এনসিপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার কাজ দ্রুতগতিতে চলছে। ভোটারদের আশ্বস্ত করে তিনি বলেন, “আগামী নির্বাচনে যারা আমাদের সমর্থন দেবেন, তাদের প্রতিটি ভোটের সুরক্ষা আমরা নিশ্চিত করব। ভোটকেন্দ্রে কড়া পাহারার ব্যবস্থা করা হবে যাতে কেউ জনগণের রায়ের অপব্যবহার করতে না পারে।”
সংবর্ধনা অনুষ্ঠানে এনসিপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন এবং ঢাকা মহানগর দক্ষিণের নতুন কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
মানবকণ্ঠ/আরআই




Comments