Image description

রাজধানীর মিরপুর থানায় দায়ের করা ছাত্র আন্দোলনের একটি মামলায় সাবেক সংসদ সদস্য ও আলোচিত আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। সোমবার (১১ মে) আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ এই আদেশ দেন। একই সঙ্গে আদালত এ সংক্রান্ত রুলটি দ্রুত নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছেন।

আদালতে ব্যারিস্টার সুমনের জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এম লিটন আহমেদ। আদেশের পর তিনি জানান, হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ যে আপিল আবেদন করেছিল, তা আজ খারিজ করে দিয়েছেন সর্বোচ্চ আদালত। এর ফলে ওই মামলায় ব্যারিস্টার সুমনের জামিন বহাল রইল।

উল্লেখ্য, ২০২৪ সালের ২১ অক্টোবর দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মিরপুর-৬ এলাকা থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের ঠিক আগে রাত সোয়া ১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে তিনি লিখেছিলেন, ‘আমি পুলিশের সঙ্গে যাচ্ছি। দেখা হবে আদালতে। দোয়া করবেন সবাই।’

জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় মিরপুর এলাকায় হামলার ঘটনায় ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করা হয়েছিল। এ ছাড়া হবিগঞ্জ ও ঢাকার বিভিন্ন থানায় তার বিরুদ্ধে আরও বেশ কয়েকটি মামলা রয়েছে। এর আগে হাইকোর্ট এই মামলায় তাকে জামিন দিয়ে রুল জারি করেছিলেন। রাষ্ট্রপক্ষ সেই জামিনাদেশের বিরুদ্ধে আপিল করলে আজ তা বহাল রাখার সিদ্ধান্ত দেন আদালত। তবে অন্যান্য মামলায় গ্রেপ্তার থাকায় এখনই তার কারামুক্তি মিলছে কি না, তা স্পষ্ট নয়।

মানবকণ্ঠ/আরআই