Image description

২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে চালানো হত্যাযজ্ঞ ও গণহত্যার ঘটনায় সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, একাত্তর টিভির সাবেক প্রধান নির্বাহী মোজাম্মেল বাবু এবং সাবেক বিশেষ প্রতিনিধি ফারজানা রুপাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাঁদের বিরুদ্ধে সেদিনের ঘটনায় সুগভীর ষড়যন্ত্র ও পরিকল্পনার অভিযোগ আনা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এই আদেশ প্রদান করেন। এদিন সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাঁদের কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

শুনানিতে প্রসিকিউশন পক্ষ দাবি করে, শাপলা চত্বরের সেই রক্তক্ষয়ী অভিযানটি ছিল একটি পরিকল্পিত গণহত্যা। তৎকালীন সরকারের মন্ত্রী হিসেবে ডা. দীপু মনি এই ষড়যন্ত্রের অন্যতম অংশীদার ছিলেন। অন্যদিকে, সাংবাদিক মোজাম্মেল বাবু এবং ফারজানা রুপা তাঁদের প্রভাব খাটিয়ে সেদিনের প্রকৃত নিহতের সংখ্যা গোপন করতে এবং ভুল তথ্য প্রচার করে এই অপরাধে সরাসরি সহায়তা করেছিলেন।

উল্লেখ্য, এই মামলায় ইতিপূর্বে সাবেক আইজিপি এ কে এম শহিদুল হক, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, ঘাতক দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবিরসহ আরও ছয়জন প্রভাবশালী ব্যক্তিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে এবং আগামী ৭ জুন তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, ২০১৩ সালের ৫ মে হেফাজতের সমাবেশ ঘিরে চালানো অভিযানে ঢাকাসহ চারটি স্থানে মোট ৫৮ জন নিহত হয়েছেন বলে তদন্ত সংস্থা পরিচয় শনাক্ত করেছে। এর মধ্যে ঢাকাতেই ৩২ জন প্রাণ হারিয়েছেন। এ ছাড়া নারায়ণগঞ্জে ২০ জন, চট্টগ্রামে ৫ জন এবং কুমিল্লায় একজন নিহত হয়েছেন বলে তদন্তে উঠে এসেছে।

মানবকণ্ঠ/আরআই