Image description

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে সুনির্দিষ্ট কোনো মামলা ছাড়া গ্রেপ্তার না দেখাতে এবং হয়রানি না করতে হাইকোর্টের দেওয়া নির্দেশনার ওপর স্থগিতাদেশ চেয়েছে রাষ্ট্রপক্ষ। মঙ্গলবার (১৯ মে) বিষয়টি নিশ্চিত করেছেন সেলিনা হায়াৎ আইভীর আইনজীবী অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু।

আইনজীবী সূত্রে জানা যায়, গত বছরের ৯ মে রাত ৩টার দিকে দেওভোগ এলাকার নিজ বাসভবন থেকে আইভীকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে পর্যায়ক্রমে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়। আইনি লড়াইয়ের মাধ্যমে ১০টি মামলায় আপিল বিভাগ তার জামিন বহাল রাখলে তার কারামুক্তির পথ সুগম হয়।

তবে এরই মধ্যে সিদ্ধিরগঞ্জ থানায় ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর এবং ২০২৫ সালের ৩০ জুন দায়ের করা দুটি হত্যা মামলায় আইভীকে পুনরায় 'শোন অ্যারেস্ট' বা গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ২ মার্চ ও ১২ এপ্রিল সেই আবেদন মঞ্জুর করেন।

এই প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন সেলিনা হায়াৎ আইভী। রিটের শুনানি শেষে গত ২৬ এপ্রিল হাইকোর্ট একটি রুল জারি করেন। রুলে সিদ্ধিরগঞ্জ থানার ওই দুই মামলায় আইভীকে গ্রেপ্তার দেখানো কেন অবৈধ ও মৌলিক অধিকার পরিপন্থী ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়। একই সাথে আদালত নির্দেশ দেন যে, সুনির্দিষ্ট মামলা ছাড়া আইভীকে গ্রেপ্তার করা যাবে না এবং কোনো হয়রানি করা যাবে না।

রাষ্ট্রপক্ষ এখন হাইকোর্টের এই নির্দিষ্ট নির্দেশনাটি স্থগিত করার জন্য আপিল বিভাগে আবেদন জানিয়েছে। এর ফলে আইভীর নতুন মামলায় গ্রেপ্তার হওয়া বা না হওয়া নিয়ে আইনি জটিলতা আরও ঘনীভূত হলো।

মানবকণ্ঠ/আরআই