রাজধানীর ওয়ারী থানায় দায়ের করা প্রতারণা ও অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মামলায় বেসরকারি টিভি চ্যানেল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ছেলে ও কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে নতুন করে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (১৫ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদ।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ওয়ারী থানার উপপরিদর্শক মো. মাহফুজুর রহমান আসামিকে আদালতে হাজির করে এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
আবেদনে বলা হয়, তদন্তে সন্দেহভাজন আসামি নিশাদুজ্জামান নিশাদকে জিজ্ঞাসাবাদে তৌহিদ আফ্রিদির সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে আনুষ্ঠানিকভাবে এই মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন।
শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করে। পরে ধাপে ধাপে বিনিয়োগ করিয়ে মুনাফার আশ্বাস দেওয়া হলেও মোট ২ লাখ ৩৫ হাজার টাকা আত্মসাৎ করা হয়।
এ ঘটনায় সৈয়দা আশফাহ তোয়াহা দ্যূতি বাদী হয়ে ওয়ারী থানায় মামলা দায়ের করেন, যেখানে অজ্ঞাতনামা আসামিদের পাশাপাশি তদন্তে পাওয়া সন্দেহভাজন হিসেবে তৌহিদ আফ্রিদির নাম যুক্ত হয়।
উল্লেখ্য, গত বছরের ২৪ আগস্ট বরিশাল থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করে সিআইডি। এরপর বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় এবং একাধিকবার রিমান্ডে নেওয়া হয়। বর্তমানে তার বিরুদ্ধে হত্যা মামলাসহ মোট তিনটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
মানবকণ্ঠ/আরআই




Comments