ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক মানবকণ্ঠের সম্পাদক শহিদুল ইসলাম বলেছেন, “সাংবাদিকদের প্রকৃত বন্ধু সাংবাদিকরাই। অন্য কোনো পেশার মানুষ সবসময় সাংবাদিকদের পাশে থাকে না—সাংবাদিকদেরই একে অপরের পাশে দাঁড়াতে হয়।”
শুক্রবার রাত ৮টায় মাদারীপুর জেলা সাংবাদিক কল্যাণ সমিতির আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বর্তমান সময়ে সাংবাদিকদের নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এসব সমস্যা মোকাবিলায় সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার বিকল্প নেই। এ সময় তিনি সাংবাদিকদের কল্যাণে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।
সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক বেলাল রিজভীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল হাসান হৃদয়। তিনি বলেন, দীর্ঘদিন ঢাকায় সাংবাদিকতা করে অসহায় মানুষের কল্যাণে কাজ করার অভিজ্ঞতা তার রয়েছে। তবে বর্তমানে অপসাংবাদিকতার প্রবণতা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে, যা রোধে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি এনায়েত হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ পারভেজসহ স্থানীয় বিভিন্ন সাংবাদিকরা।
এ সময় মাদারীপুরে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।




Comments