Image description

নিউজপ্রিন্টের ওপর আরোপিত শুল্ক প্রত্যাহার, সংবাদপত্রে কর্পোরেট কর হার কমিয়ে ১০ শতাংশ, নিউজপ্রিন্ট আমদানির ওপর আরোপিত ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহারসহ কর্মীর আয়কর থেকে প্রতিষ্ঠানকে মুক্তি দেওয়ার প্রস্তাব দিয়েছে সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নোয়াব।

মঙ্গলবার (৩১ মার্চ) সকালে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সম্মেলন কক্ষে ২০২৬ ২৭ অর্থবছরের প্রাক বাজেট আলোচনায় সংগঠনটির পক্ষ থেকে এসব প্রস্তাব দেওয়া হয়।

এনবিআর চেয়ারম্যান মো আবদুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় নোয়াবের প্রস্তাবনা তুলে ধরেন নোয়াব সভাপতি মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী। 

এসময় বক্তব্য দেন প্রথম আলোর সম্পাদক ও প্রকাশক মতিউর রহমান।

নোয়াব সভাপতি মতিউর রহমান চৌধুরী বলেন, দেশের অনেক রপ্তানিমুখী শিল্প ১০ থেকে ১২ শতাংশ কর্পোরেট কর সুবিধা পেলেও সংবাদপত্র শিল্প সেই সুযোগ থেকে বঞ্চিত। তাই আগামী বাজেটে এই খাতের কর্পোরেট কর হার ১০ শতাংশ নির্ধারণের দাবি জানানো হয়েছে।

কর্মীর আয়কর থেকে প্রতিষ্ঠানকে দায়মুক্তি দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, আয়কর আইন ২০২৩ অনুযায়ী কর্মীরা নিজের আয়কর নিজেরাই পরিশোধ করার কথা থাকলেও সংবাদপত্র খাতে তা ভিন্নভাবে প্রয়োগ হচ্ছে।

এ বিষয়ে এনবিআর চেয়ারম্যান মো আবদুর রহমান খান বলেন, ট্যাক্স দেওয়ার দায়িত্ব কর্মীদেরই হওয়া উচিত এবং তাদের বেতন থেকেই আয়কর কাটা হবে। ভবিষ্যতে নতুন ওয়েজবোর্ড হলে বিষয়টি পরিষ্কার করা হবে।

তিনি আরও বলেন, এই পরিবর্তনের ফলে বেতন কাঠামোতেও প্রভাব পড়তে পারে এবং কর্মীদের আয় থেকে কর পরিশোধের বিষয়টি বিবেচনায় আসবে।

নোয়াবের প্রস্তাবে বলা হয়, নিউজপ্রিন্টের মূল্য বৃদ্ধি ও আমদানি নির্ভরতার কারণে সংবাদপত্র শিল্প সংকটে রয়েছে। বর্তমানে নিউজপ্রিন্টের ওপর ৩ শতাংশ আমদানি শুল্ক, ১৫ শতাংশ মূল্য সংযোজন কর, ৫ শতাংশ অগ্রিম আয়কর এবং ৭ দশমিক ৫ শতাংশ অগ্রিম কর দিতে হচ্ছে। এতে ল্যান্ডেড কস্ট প্রায় ১৩০ থেকে ১৩২ শতাংশে পৌঁছেছে।

সংগঠনটি আরও জানায়, বিজ্ঞাপন আয়ের ওপর উৎস কর এবং কাঁচামাল আমদানির ওপর অগ্রিম আয়কর মিলিয়ে মোট ১০ শতাংশ কর দিতে হয়, যা শিল্পের প্রকৃত আয়ের তুলনায় বেশি।

এ প্রসঙ্গে এনবিআর চেয়ারম্যান বলেন, কর্পোরেট কর বাড়ানো হবে না এবং কমানোর বিষয়ে অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হবে। মূল্য সংযোজন কর সংক্রান্ত কিছু বিষয়ে ইতিবাচক পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দেন তিনি।