গণতন্ত্রের অন্যতম প্রধান স্তম্ভ হিসেবে মুক্ত ও স্বাধীন গণমাধ্যমের প্রভাবকে স্বাগত জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সংবাদপত্রের স্বাধীনতার প্রতি নিজেদের জোরালো সমর্থন পুনর্ব্যক্ত করেছে সংস্থাটি।
রোববার (৩ মে) দিবসটি উপলক্ষে ঢাকার ইইউ অফিস থেকে পাঠানো এক বার্তায় বলা হয়েছে, “গণমাধ্যমের স্বাধীনতা মানেই আমাদের সবার স্বাধীনতা।” ইইউ আরও জানায়, তারা দায়িত্বশীল সাংবাদিকতা, গণমাধ্যমের বহুত্ববাদ, সম্পাদকীয় স্বাধীনতা এবং গণমাধ্যম কর্মীদের সুরক্ষার বিষয়ে সর্বদা সোচ্চার ও প্রতিশ্রুতিবদ্ধ।
প্রতি বছর ৩ মে সারা বিশ্বে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’ পালিত হয়। এ বছর দিবসটির মূল প্রতিপাদ্য বিষয় হলো— ‘শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন: মানবাধিকার, উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার’।
উল্লেখ্য, ১৯৯১ সালে ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশ অনুযায়ী, ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ সভায় ৩ মে তারিখটিকে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’-এর স্বীকৃতি দেওয়া হয়। সেই থেকে বিশ্বব্যাপী সাংবাদিক ও গণমাধ্যম কর্মীরা পেশাগত অধিকার ও স্বাধীনতার দাবিতে এই দিবসটি পালন করে আসছেন।
মানবকণ্ঠ/আরআই




Comments