ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে লাশ হয়ে ফিরলেন বাড়িতে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে লাশ হয়ে ফিরলেন লিটন মিয়া (২৫) নামের এক যুবক। শনিবার (২ মে) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের ইশ্বর বড়ুয়া গ্রামে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তার মৃত্যু হয়।
নিহত লিটন মিয়া ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের বাগভান্ডার গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় লিটন তার বাড়ি থেকে মোটরসাইকেলযোগে ভূরুঙ্গামারী বাস টার্মিনালের দিকে যাচ্ছিলেন। সেখান থেকে বাসে করে তার ঢাকা যাওয়ার কথা ছিল। পথিমধ্যে ইশ্বর বড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লিটন রাস্তা ছিটকে পড়ে যান এবং মাথায় গুরুতর আঘাত পান।
আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে রংপুর যাওয়ার পথেই লিটন মৃত্যুর কোলে ঢলে পড়েন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ তানজিমা তাসনীম জানান, দুর্ঘটনায় আহত লিটনের মাথা ফেটে প্রচুর রক্তক্ষরণ হয়েছিল। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রংপুরে রেফার করা হয়েছিল, কিন্তু কিছুদূর যাওয়ার পর তিনি মারা যান। পুনরায় তাকে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই সেখানে পুলিশ পাঠানো হয়েছে।
ঘটনার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) আহসান হাবিব জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য হস্তান্তর করা হতে পারে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলার প্রস্তুতি চলছে।




Comments