Image description

রাজধানীর বাংলামোটরে অবস্থিত সময় টেলিভিশনের কার্যালয়ে রোববার সন্ধ্যায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে প্রতিষ্ঠানটির ভেতরে প্রশাসনিক নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের অভিযোগ উঠেছে। তবে এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শী ও প্রতিষ্ঠানটির একাধিক কর্মীর দাবি, সম্প্রতি দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়া সময় মিডিয়া লিমিটেডের সিইও জুবায়ের বাবু সন্ধ্যায় কয়েকজনকে সঙ্গে নিয়ে কার্যালয়ে প্রবেশের চেষ্টা করেন। এ সময় প্রশাসনিক বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাময়িকভাবে কার্যালয়ের কয়েকটি ফ্লোর, বিশেষ করে নিউজরুম এলাকার প্রবেশ নিয়ন্ত্রণ করা হয়।

কর্মীদের ভাষ্য, উত্তেজনার মধ্যেও সংবাদ সম্প্রচারসহ নিয়মিত কার্যক্রম চালু ছিল। পরে পরিস্থিতি আরও উত্তপ্ত হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

প্রতিষ্ঠানটির কয়েকজন কর্মী অভিযোগ করেন, সময় টেলিভিশনের প্রশাসনিক নিয়ন্ত্রণ নিয়ে বেশ কিছুদিন ধরেই অভ্যন্তরীণ টানাপোড়েন চলছিল। তাদের দাবি, বরখাস্ত হওয়ার পর থেকে জুবায়ের বাবু একটি পক্ষের সহায়তায় প্রতিষ্ঠানের কার্যক্রমে চাপ সৃষ্টি করার চেষ্টা করছিলেন। কার্যালয়ের সামনে বহিরাগত লোকজন উপস্থিত হওয়ার ঘটনাও এর অংশ বলে অভিযোগ করেন তারা।

অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটিকে ভিন্নভাবে উপস্থাপনের অভিযোগও উঠেছে। কয়েকজন কর্মীর দাবি, বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট থেকে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে। তবে এসব অভিযোগের সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এ বিষয়ে জুবায়ের বাবুর বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মন্তব্য পাওয়া যায়নি।