Image description

সাংবাদিকদের পেশাগত অধিকার সংরক্ষণ, মর্যাদা রক্ষা ও পারস্পরিক ঐক্য সুদৃঢ় করার প্রত্যয় নিয়ে ‘রাঙ্গামাটি সাংবাদিক ইউনিয়ন’ নামে নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। 

শুক্রবার (২২ মে) রাঙ্গামাটি শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে এই সংগঠনের যাত্রা শুরু হয়।

সভায় উপস্থিত জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের মতামতের ভিত্তিতে যমুনা টিভির স্টাফ রিপোর্টার এসএম শামসুল আলমকে সভাপতি এবং দৈনিক আমারদেশ ও এসএটিভির প্রতিনিধি মোহাম্মদ সোলায়মানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এছাড়া ডেইলি ফিন্যানসিয়াল এক্সপ্রেস ও দৈনিক বাংলাবাজার-এর প্রতিনিধি শান্তিময় চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্যবিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে জেলায় কর্মরত ৫০ জন সংবাদকর্মীকে এই সংগঠনের সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

নবগঠিত কমিটির সভাপতি এসএম শামসুল আলম তার বক্তব্যে বলেন, “বর্তমান সময়ে সাংবাদিকতা পেশা বহুমুখী চ্যালেঞ্জের মুখোমুখি। ভুয়া তথ্যের বিস্তার ও পেশাগত অনিরাপত্তার এই সময়ে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকা জরুরি। রাঙ্গামাটিতে কর্মরত সাংবাদিকদের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তোলাই আমাদের লক্ষ্য। আমরা চাই সাংবাদিকরা যেন স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করতে পারেন এবং তাদের ন্যায্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত হয়।”

অনুষ্ঠানে সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা এবং গণমাধ্যমকর্মীদের কল্যাণে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। নতুন এই সংগঠনের আত্মপ্রকাশকে জেলার গণমাধ্যম অঙ্গনে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয় সংবাদকর্মীরা।

মানবকণ্ঠ/ডিআর