Image description

মহররম উপলক্ষে প্রচারিত একটি বিশেষ অনুষ্ঠানকে ঘিরে বিতর্কের জেরে পাকিস্তানের অন্যতম বেসরকারি টেলিভিশন চ্যানেল জিও নিউজের সম্প্রচার ১৫ দিনের জন্য স্থগিত করেছে দেশটির ইলেকট্রনিক মিডিয়া নিয়ন্ত্রক সংস্থা পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া নিয়ন্ত্রক কর্তৃপক্ষ (পেমরা)।

শনিবার (২৭ জুন) এক বিজ্ঞপ্তিতে পেমরা জানায়, ১০ মহররম উপলক্ষে প্রচারিত ‘সফর-ই-ইশকে’ শীর্ষক অনুষ্ঠানে এমন কিছু দৃশ্য দেখানো হয়েছে, যা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে এবং সামাজিক সম্প্রীতি, জনশৃঙ্খলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর আশঙ্কা তৈরি করে।

এ অভিযোগের ভিত্তিতে জিও নিউজের স্যাটেলাইটসহ সব ধরনের সম্প্রচার ও বিতরণ প্ল্যাটফর্মে ১৫ দিনের জন্য সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বিষয়টি পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পেমরার অভিযোগ পর্যালোচনা পরিষদে পাঠানো হয়েছে।

এদিকে, ঘটনার পর জিও নিউজ তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বিষয়টিকে সম্পাদকীয় ভুল হিসেবে স্বীকার করে দুঃখ প্রকাশ ও ক্ষমা চেয়েছে। চ্যানেল কর্তৃপক্ষ জানিয়েছে, বিতর্কিত ফুটেজটি তাদের সম্পাদকীয় নীতি বা অবস্থানকে প্রতিফলিত করে না।

জিও নিউজের ভাষ্য অনুযায়ী, ‘সফর-ই-ইশকে’ অনুষ্ঠানে মূলত ইরাক ও মধ্যপ্রাচ্যের কয়েকটি অঞ্চলে প্রচলিত স্থানীয় কিছু ধর্মীয় রীতি তুলে ধরা হয়েছিল। এর মাধ্যমে কোনো নির্দিষ্ট ধর্মীয় মতবাদ বা দৃষ্টিভঙ্গির পক্ষে অবস্থান নেওয়া কিংবা তা প্রচারের উদ্দেশ্য ছিল না।

২০০২ সালে যাত্রা শুরু করা জিও নিউজ পাকিস্তানের অন্যতম জনপ্রিয় সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল। তবে দেশটির সংবেদনশীল ধর্মীয় পরিবেশ এবং কঠোর সম্প্রচার নীতিমালার কারণে এবার বড় ধরনের নিষেধাজ্ঞার মুখে পড়েছে প্রতিষ্ঠানটি।

সূত্র: আরব নিউজ।