সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা রাখার পরিমাণ অস্বাভাবিক হারে কমে গেছে। গত বৃহস্পতিবার সুইস ব্যাংকের প্রকাশিত তথ্যে এমন চিত্রই মিলেছে। এতে বলা হয়, সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংক থেকে এক বছরে ১০ হাজার ১১৭ কোটি টাকা তুলে নিয়েছেন বাংলাদেশিরা। অবশিষ্ট আছে ৬৮৪ কোটি টাকা (প্রতি সুইস ফ্রাঁ ১২৪ টাকা ধরে)।
ব্যাংকের হিসাবে ২০২২ সালে বাংলাদেশিদের আমানত ৫ কোটি ৫২ লাখ সুইস ফ্রাঁ। আগের বছর যা ছিল ৮৭ কোটি ১১ লাখ ফ্রাঁ। ব্যাংকটি তাদের ওয়েবসাইটে এ রিপোর্ট প্রকাশ করে। কিন্তু কেন এক বছরে এত টাকা তুলে নেওয়া হলো এবং সেব টাকা কোথায় যেতে পারে-এ বিষয়ে অর্থনীতিবিদরা কী ভাবছেন। বিষয়টি নিয়ে কথা বলা হয় দেশের বেশ কয়েকজন শীর্ষ অর্থনীতিবিদের সঙ্গে।
অর্থনীতিবিদরা একেক জন একেক রকম অভিমত দিয়েছেন। তাদের কেউ বলেছেন, কালো টাকা বিনিয়োগের সুযোগ দেওয়ায় সেখান থেকে অর্থ দেশে আনা হতে পারে। কেউ বলেছেন, কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভের অর্থ তুলে নেওয়ায় কমেছে সুইস ব্যাংকে রাখা টাকা, আবার কেউ বলেছেন, সুইস ব্যাংকে টাকা রাখলে গোপনীয়তা নষ্ট হওয়ার আশঙ্কায় অর্থ সরানো হয়ে থাকতে পারে।
সুইস ব্যাংকে বাংলাদেশিদের রাখা অর্থের পরিমাণ কমে যাওয়ার কারণ সম্পর্কে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহেমদ সময়ের আলোকে বলেন, ‘কী কারণে বা কেন সুইস ব্যাংকে বাংলাদেশিদের রাখা টাকা কমে গেল বা তোলা হয়েছে-এ প্রশ্নের চেয়ে বড় বিষয় হলো কারা টাকা তুলে নিয়েছে তাদের বিষয়ে তথ্য নেওয়া। কেন্দ্রীয় ব্যাংকের উচিত সুইস ব্যাংকের কাছে তথ্য চাওয়া-কে কে কত টাকা তুলে নিয়েছে। তা হলে তাদের চিহ্নিত করা যাবে এবং এদের মধ্যেই যে টাকা পাচারকারী রয়েছে সেও চিহ্নিত হবে। তবে কেন্দ্রীয় ব্যাংক এখন এটি করবে না সেটিও নিশ্চিত করে বলা যায়। কারণ সেটি করলে প্রভাবশালী অনেকের মুখোশ উন্মোচন হয়ে যাবে।’
সেখানে রাখা টাকার পরিমাণ কমে যাওয়ার কারণগুলো সম্পর্কে সাবেক এই গভর্নর বলেন, ‘এর পেছনে বেশ কিছু কারণ থাকতে পারে। একটি কারণ হতে পারে দেশে ডলারের দাম বৃদ্ধি। ডলারের দাম এখন ১০৮ টাকা। যারা সেখানে টাকা রেখেছিলেন তারা হুন্ডির মাধ্যমে অর্থ এনে বেশি লাভ করতে চাইছে। কারণ ব্যক্তি পর্যায়ে সুইস ব্যাংকে রাখা টাকার প্রায় সিংহভাগই গেছে হুন্ডির মাধ্যমে, এগুলো এলেও সেই হুন্ডির মাধ্যমেই এসেছে। আরেকটি কারণ হতে পারে, এবারের বাজেটে কালো টাকা বিনিয়োগের সুযোগ দেওয়া হয়েছে। তাই সুইস ব্যাংকে টাকা না রেখে দেশে এনে হয়তো বিনিয়োগ করতে চাইছে তারা। কারণ কিছু জায়গায় কালো টাকা বিনিয়োগের ক্ষেত্রে সরকার কোনো প্রশ্ন করবে না বলে জানিয়েছে। আরেক কারণ হতে পারে, নির্বাচনের বছর হওয়ায় হয়তো অনেকেই দেশে অর্থ আনছে, যাতে নির্বাচনের প্রয়োজনে ব্যয় করতে পারে।’
এ বিষয়ে অর্থনীতিবিদ ও পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর সময়ের আলোকে বলেন, ‘সুইস ব্যাংকে বাংলাদেশিদের বা বাংলাদেশের টাকা কমে যাওয়ার প্রধান কারণ হচ্ছে, কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ কমে যাওয়া। কারণ সুইস ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভের টাকা রাখে। সেখান থেকে হয়তো এবার বেশি ডলার নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ ছাড়া ব্যক্তি পর্যায়ে খুব বেশি অর্থ যে সেখান থেকে তুলে নেওয়া হয়েছে তেমনটি নয়। হয়তো কয়েক মিলিয়ন ডলার তুলে নেওয়া হয়েছে ব্যক্তি পর্যায়ে।’
তিনি আরও বলেন, ‘দেশ থেকে পাচারের টাকা সুইস ব্যাংকে খুব একটা যায় না। কারণ সেখানে বাংলাদেশি বেশি থাকেন না। বা বাংলাদেশিদের সন্তানেরা খুব বেশি সেখানে লেখা-পড়া করেন না। বাংলাদেশ থেকে পাচারের টাকা বেশি যায় দুবাই, সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র, কানাডার মতো দেশগুলোতে। যেখানে অনেক বাংলাদেশি থাকেন বা এসব দেশে বাংলাদেশিদের যাতায়াত বেশি রয়েছে। তাই এসব দেশে বাংলাদেশ থেকে বেশি টাকা পাচার হতে পারে।’
তবে বিশ্ব ব্যাংকের ঢাকা অফিসের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন মনে করেন, নির্বাচনের বছরে টাকা পাচার বাড়ল না কমল, সে চিত্র মিলবে আগামী বছর। সময়ের আলোকে তিনি বলেন, ‘হ্যাঁ, এ কথা সত্য-অতীতে নির্বাচনের বছরে বাংলাদেশিদের অর্থ রাখার পরিমাণ বেড়ে যেতে দেখা গেছে। এবার দেখা গেল ভিন্ন চিত্র। এখানে দুটি বিষয় রয়েছে, প্রথমত সুইস ব্যাংক থেকে বৃহস্পতিবার যে বার্ষিক প্রতিবেদন দেওয়া হয়েছে সেটি ২০২২ সালের। ওই বছরটি কিন্তু নির্বাচনের বছর নয়, নির্বাচনের বছর হচ্ছে চলতি ২০২৩ সাল। সুতরাং এ বছর শেষে ২০২৪ সালে যখন ২০২৩ সালের তথ্য প্রকাশ করবে তখন হয়তো বোঝা যাবে নির্বাচনের বছরে সেখানে টাকা রাখার হার বেড়েছে কি না। আরেকটি বিষয় হলো সুইস ব্যাংকে টাকা রাখলে সে বিষয়ে তথ্য প্রকাশ করে প্রতি বছর। ফলে যারা বা যেসব দেশ টাকা রাখছে সেখানে তারা মনে করছে এতে গোপনীয়তা নষ্ট হচ্ছে। এ জন্য সেখানে টাকা রাখাকে ঝুঁকিপূর্ণ মনে করছে অনেকে। তাই হয়তো ব্যক্তি পর্যায়ে রাখা টাকাও তুলে আনা হয়েছে।’
উল্লেখ্য, বৃহস্পতিবার সুইস ব্যাংক থেকে যে তথ্য প্রকাশ করা হয়েছে তাতে উল্লেখ করা হয়েছে, গত এক বছরের ব্যবধানে বিভিন্ন ব্যাংকে থাকা বাংলাদেশিদের অর্থ প্রায় ৮২ কোটি সুইস ফ্রাঁ বা ৯৪ শতাংশ কমেছে। ২০২১ সাল শেষে সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে বাংলাদেশিদের জমা হওয়া অর্থের পরিমাণ ছিল ৮৭ কোটি ১১ লাখ সুইস ফ্রাঁ। ২০২২ সালে তা কমে দাঁড়িয়েছে প্রায় ৫ কোটি ৫৩ লাখ সুইস ফ্রাঁতে। বাংলাদেশি মুদ্রায় প্রতি সুইস ফ্রাঁর বিনিময় মূল্য প্রায় ১২১ টাকা। সেই হিসাবে ৫ কোটি ৫৩ লাখ সুইস ফ্রাঁতে দাঁড়ায় প্রায় ৬৬৯ কোটি টাকা।
সুইস কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সুইজারল্যান্ডের ব্যাংকে শুধু যে বাংলাদেশিদের অর্থ কমেছে, তা নয়। ভারত, পাকিস্তান, সিঙ্গাপুর, চীন, রাশিয়া, সৌদি আরব, যুক্তরাষ্ট্রের অর্থ জমার পরিমাণও কমেছে। ২০২১ সালে সুইস ব্যাংকে ভারতীয়দের জমা অর্থের পরিমাণ ছিল প্রায় ৩৮৩ কোটি সুইস ফ্রাঁ। গত বছর তা কমে দাঁড়িয়েছে ৩৪০ কোটি সুইস ফ্রাঁতে।
একইভাবে ২০২১ সালে দেশটিতে পাকিস্তানিদের জমা অর্থের পরিমাণ ছিল প্রায় ৭১ কোটি সুইস ফ্রাঁ। গত বছর তা কমে দাঁড়িয়েছে ৩৯ কোটি সুইস ফ্রাঁতে। আর সৌদি আরবের জমা অর্থের পরিমাণ অর্ধেক হয়ে গেছে এক বছরের ব্যবধানে। ২০২১ সালে সুইজারল্যান্ডে সৌদি আরবের নাগরিকদের জমা অর্থের পরিমাণ ছিল ১ হাজার ৪৫ কোটি সুইস ফ্রাঁ, যা গত বছর কমে ৫২১ কোটিতে নেমেছে।

