কেন্দ্র দখল করলে ভাই-বোন কাউকেই ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
আসন্ন নির্বাচনে কেন্দ্র দখলের অপচেষ্টা চালালে কাউকে রেহাই দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে ময়মনসিংহ সিটি করপোরেশনের সাহাব উদ্দিন মিলনায়তনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভাগীয় প্রশাসনের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “এবার যদি কোথাও কেন্দ্র দখল হয়, তবে কেউ ছাড় পাবে না। কেন্দ্র দখল রোধে এবার প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা লাগানো হচ্ছে। এছাড়া পুলিশকে ২৫ হাজার ৭শ বডি ওর্ন ক্যামেরা দেওয়া হচ্ছে এবং আকাশপথে ড্রোন ব্যবহার করা হচ্ছে।”
তিনি আরও বলেন, “অপরাধী যেই হোক—সে ভাই হোক বা বোন হোক, অপরাধ করলে তার ছবি সংরক্ষিত থাকবে। কেউ যদি মনে করে তাৎক্ষণিক পালিয়ে যাবে কিংবা পরে জামিন নিয়ে আসবে, তবে সে ভুল ভাবছে। অপরাধের প্রমাণ থেকে যাওয়ায় দেরিতে হলেও তাকে ধরা পড়তেই হবে।”
নির্বাচনি প্রস্তুতি প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন। এ উপলক্ষে সেনাবাহিনী, বিজিবিসহ সব আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আমরা বিস্তারিত আলোচনা করেছি। তাদের প্রস্তুতি অত্যন্ত প্রশংসনীয়। আমাদের বিশ্বাস, তারা জাতিকে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারবে।”
ঝিনাইগাতীর সাম্প্রতিক ঘটনাকে ‘দুঃখজনক’ উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে। অনেক ক্ষেত্রে অপরাধীরা এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ায় গ্রেপ্তার করতে কিছুটা সময় লাগলেও কাউকে ছাড় দেওয়া হবে না।
সাংবাদিকদের নিরাপত্তা ও দায়িত্ব পালন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “এবারের নির্বাচনে সাংবাদিকরা পোলিং সেন্টারের ভেতরে প্রবেশের অনুমতি পাবেন। সাংবাদিকদের ওপর হামলার কোনো আশঙ্কা নেই। এখন পর্যন্ত বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, তবে ছোটখাটো সমস্যা সমাধানে প্রশাসন সজাগ রয়েছে।”
ফলাফল ঘোষণা প্রসঙ্গে তিনি বলেন, প্রতিটি কেন্দ্রে প্রার্থীর এজেন্টদের কাছে ফলাফল থাকবে। সরকারিভাবে আনুষ্ঠানিক ঘোষণার আগেই প্রার্থীরা তাদের মোবাইলে ভোটের হিসাব পেয়ে যাবেন, ফলে এবার স্বচ্ছতা নিশ্চিত হবে।
সভায় ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মিজ ফারাহ শাম্মী (এনডিসি), রেঞ্জ ডিআইজি মো. আতাউল কিবরিয়া, র্যাব-১৪ এর অতিরিক্ত ডিআইজি নয়মুল হক, জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুর রহমান, পুলিশ সুপার মিজানুর রহমানসহ সেনাবাহিনী, বিজিবি ও আনসারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments