পাবনার ঈশ্বরদীতে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী জাকারিয়া পিন্টুর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় উপজেলা ও পৌর যুবদলের ৬ নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল।
সোমবার (২ ফেব্রুয়ারি) জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃত নেতারা হলেন—ঈশ্বরদী পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন জুয়েল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম রিপন, মো. আক্তারুজ্জামান রাজু, এনামুল হক আতিয়ার, মাহমুদ হাসান সোনামণি এবং সদস্য মতিউর রহমান। তাদের প্রাথমিক সদস্যপদসহ সংগঠনের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এই বহিষ্কারের সিদ্ধান্ত কার্যকর করেছেন।
ঈশ্বরদী উপজেলা যুবদলের আহ্বায়ক সুলতান আলী বিশ্বাস টনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে বিএনপির দলীয় প্রার্থীর বিরুদ্ধে গিয়ে স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া পিন্টুর পক্ষে সরাসরি নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে, বহিষ্কারের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ঈশ্বরদী পৌর যুবদলের সদ্য বহিষ্কৃত আহ্বায়ক জাকির হোসেন জুয়েল তার ফেসবুক পেজে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটি ও বিএনপি কেন্দ্রীয় কমিটিকে ধন্যবাদ’।
মানবকণ্ঠ/ডিআর




Comments