Image description

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, “ভোট একটি পবিত্র আমানত। আর এই পবিত্র আমানত সঠিক ও পবিত্র জায়গায় রাখতে হবে। বিগত সরকারগুলো এ দেশটাকে চোরের সাম্রাজ্যে পরিণত করেছে। যারা দুর্নীতি, চাঁদাবাজি ও জবরদখলমুক্ত বাংলাদেশ চায়, তাদের উচিত হাতপাখা প্রতীকে ভোট দেওয়া।”

সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী আলহাজ সেলিম মাহমুদের সমর্থনে এই জনসভার আয়োজন করা হয়।

পীর সাহেব চরমোনাই বলেন, “দেশ ও জাতির প্রকৃত কল্যাণে ইসলামী শাসনের কোনো বিকল্প নেই। স্বাধীনতার পর অনেক সরকারের কর্মকাণ্ড আমরা দেখেছি, তাদের দিয়ে দেশের মানুষের ভাগ্য বদলায়নি। আমরা ইসলামী নীতি অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে চাই, যেখানে কোনো চাঁদাবাজ, দুর্নীতিবাজ, মাদক কারবারি ও জবরদখলকারী থাকবে না। একমাত্র ন্যায়নিষ্ঠ ও আদর্শবান নেতা ছাড়া মানুষের শান্তি নিশ্চিত করা সম্ভব নয়।”

কৃষকদের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, “আমার দেশের কৃষক ভাইয়েরা রোদে পুড়ে কৃষিপণ্য উৎপাদন করে দেশের অর্থনীতি সচল রাখে। আমরা ক্ষমতায় গেলে তাদের কাজের সর্বোচ্চ মর্যাদা ও মূল্যায়ন নিশ্চিত করব।” এ সময় তিনি একটি বিশেষ দলের ছড়ানো গুজবে কান না দেওয়ার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানান।

জনসভা শেষে পীর সাহেব চরমোনাই কুমিল্লা-৯ আসনের প্রার্থী আলহাজ সেলিম মাহমুদের হাতে প্রতীকী ‘হাতপাখা’ তুলে দেন এবং তাকে বিজয়ী করার জন্য ভোটারদের প্রতি উদাত্ত আহ্বান জানান।

আলহাজ সেলিম মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন মুফতি আবু ইউসুফ ফারুকী, মাওলানা হাসিবুর রহমান, মাওলানা মোর্শেদুল ইসলাম, আলহাজ নূর মিয়া প্রমুখ। সভায় উপজেলা ও জেলা পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

মানবকণ্ঠ/ডিআর