নওগাঁয় জুনায়েদ সাকী (৩৭) নামে এক রাজস্ব কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার ভোর সাড়ে ৫টার দিকে ২৫০ শয্যা নওগাঁ জেনারেল হাসপাতালের সামনে থেকে বেওয়ারিশ হিসেবে মরদেহটি উদ্ধার করে হাসপাতাল কর্তৃপক্ষ।
এর আগে মরদেহটি পিকআপ থেকে ফেলে দিয়ে দ্রুত সেখান থেকে সটকে পড়েন চালক ও তার সহযোগী (হেলপার)। জুনায়েদ বরিশালের পিরোজপুর এলাকার বাসিন্দা। তিনি ঢাকা রাজস্ব বোর্ডে সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন বলে নিশ্চিত করেছেন নওগাঁ কাস্টমসের সহকারী কমিশনার মো. রাশেদ।
নিহতের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, ঢাকা থেকে ট্রেনে সান্তাহার রেল স্টেশনে নেমে নওগাঁর মহাদেবপুরে স্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য যাচ্ছিলেন জুনায়েদ। তবে ভোরে ট্রেন থেকে নামার পর তিনি আর বাড়ি যাননি। হলুদ রঙয়ের একটি পিকআপে ভোর সাড়ে ৫টায় তার ক্ষতবিক্ষত মরদেহ ২৫০ শয্যা নওগাঁ হাসপাতালের সামনে এনে সেখানে ফেলে রেখে পালিয়ে যায়। এরপর সেখানকার কর্মচারীরা তাকে উদ্ধার করে জরুরি বিভাগে নিলে চিকিৎসক জুনায়েদকে মৃত ঘোষণা করেন।
নওগাঁ কাস্টমসের সহকারী কমিশনার মো. রাশেদ বলেন, সান্তাহার থেকে নওগাঁ আসার পথে তিনি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন বলে আমরা ধারণা করছি। বিষয়টি তার পরিবারের সদস্যদের জানালে তারাও হাসপাতালে এসেছিলেন। থানা পুলিশ মৃত্যুর রহস্য উদঘাটনে কাজ করছে।
২৫০ শয্যা নওগাঁ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. রেহনুমা মুনমুন বলেন, মরদেহটি আমরা সড়ক দুর্ঘটনায় নিহত হিসেবে প্রাথমিকভাবে শনাক্ত করেছি। পরে থানা পুলিশ ও নিহতের পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়।
নওগাঁ সদর মডেল থানার পরিদর্শক তদন্ত মো খোরশেদ আলম জানান, হাসপাতাল থেকে জানানো হয়েছিল একটি সড়ক দুর্ঘটনার কথা। আমরা হাসপাতাল থেকে লাশ উদ্ধার করেছি। নাম পরিচয় শনাক্ত করেছি।
কখন ও কোথায় সড়ক দুর্ঘটনা হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি কোনো উত্তর দিতে পারেননি। হাসপাতালে কে বা কারা লাশ রেখে গেছে এমন প্রশ্নের উত্তর তার জানা নেই বলেও জানান তিনি।




Comments