১৭ মাসে মব সন্ত্রাসে ২৫৯ নিহত, নির্বাচনী সহিংসতায় ৫ জনের মৃত্যু: এইচআরএসএস
মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) জানিয়েছে, ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত সারাদেশে মব সন্ত্রাস বা গণপিটুনির ৪১৩টি ঘটনা ঘটেছে, যাতে অন্তত ২৫৯ জন নিহত হয়েছেন। হত্যার ঘটনা অনেকটাই নৃশংসভাবে সংঘটিত হয়েছে—কাউকে পিটিয়ে বা পুড়িয়ে হত্যা করা হয়েছে। প্রতিবেদনে দিপু চন্দ্র দাস নামের এক পোশাক শ্রমিককে মিথ্যা ধর্ম অবমাননার অভিযোগে হত্যা এবং লাশ পুড়িয়ে দেয়ার ঘটনা উল্লেখ করা হয়েছে।
এছাড়া, নির্বাচনী সহিংসতা ও রাজনৈতিক কোন্দলে গত ১৭ মাসে অন্তত ১,৪১১টি ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অন্তত ১৯৫ জন নিহত এবং ১১,১২৯ জন আহত হয়েছেন। নির্বাচনী সহিংসতায়, বিশেষ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার (১১ ডিসেম্বর ২০২৫) পর থেকে ৩১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত মাত্র দেড় মাসে ৫ জন নিহত এবং অন্তত ৯৭০ জন আহত হয়েছেন।
প্রতিবেদনে দেখা গেছে, রাজনৈতিক দলের অভ্যন্তরীণ কোন্দলও সহিংসতার বড় অংশ। ১,৪১১ ঘটনার মধ্যে অর্ধেক (৭০৪টি) বিএনপি ও তার অঙ্গসংগঠনের অন্তর্কোন্দল সম্পর্কিত, যেখানে অন্তত ১২১ জন নিহত এবং ৭,১৩১ জন আহত হয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে বা হেফাজতে অন্তত ৬০ জন নিহত হয়েছেন। এর মধ্যে বন্দুকযুদ্ধ, নির্যাতন, গুলিবিদ্ধ ও কারাগারে মৃত্যু অন্তর্ভুক্ত।
সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার ৫৬টি ঘটনা ঘটেছে, যেখানে ১ জন নিহত ও ২৭ জন আহত হয়েছেন। পাশাপাশি ১৭টি মন্দির, ৬৩টি প্রতিমা এবং ৬৫টি বসতবাড়ি ভাঙচুরের শিকার হয়েছে।
এইচআরএসএস বলেছে, এ ধরনের সহিংসতা দেশে মানুষের নিরাপত্তা ও মানবাধিকারের জন্য চরম উদ্বেগের বিষয়।
মানবকণ্ঠ/আরআই




Comments