আইন উপদেষ্টা
নতুন এমপিদের শপথ পড়াবেন রাষ্ট্রপতির মনোনীত ব্যক্তি, সাবেক স্পিকারের সুযোগ নেই
আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ সাবেক স্পিকার বা ডেপুটি স্পিকারের মাধ্যমে পড়ানোর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত কোনো ব্যক্তি শপথ পাঠ করাবেন। বিকল্প হিসেবে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার তিন দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনারও শপথ পড়াতে পারবেন।
বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আসিফ নজরুল বলেন, সংবিধান অনুযায়ী সাধারণত স্পিকার বা ডেপুটি স্পিকার সংসদ সদস্যদের শপথ পাঠ করান। তবে বর্তমান বাস্তবতায় স্পিকার ও ডেপুটি স্পিকারের কেউই দায়িত্ব পালনের অবস্থায় নেই—একজন নিখোঁজ এবং অন্যজন কারাবন্দি, পাশাপাশি তাদের বিরুদ্ধে গুরুতর মামলা রয়েছে এবং স্পিকার পদত্যাগও করেছেন। ফলে তাদের মাধ্যমে শপথ গ্রহণ সাংবিধানিকভাবে সম্ভব নয়।
তিনি জানান, এ অবস্থায় দুটি বিকল্প সামনে রয়েছে। প্রথমত, রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার পরামর্শে মনোনীত কোনো ব্যক্তিকে শপথ পড়ানোর দায়িত্ব দিতে পারেন—যেখানে প্রধান বিচারপতির নামও আলোচনায় আসতে পারে। দ্বিতীয়ত, যদি তিন দিনের মধ্যে শপথ না হয়, তাহলে প্রধান নির্বাচন কমিশনার শপথ পাঠ করাতে পারবেন। তবে সরকার নির্বাচন শেষ হওয়ার পর দ্রুততম সময়ে শপথ সম্পন্ন করতে চায়।
এ বিষয়ে সংসদ সচিবালয়ের সিনিয়র সচিবের সঙ্গে আলোচনা করে আইনি দিকগুলো পর্যালোচনার পর প্রধান উপদেষ্টাকে চূড়ান্ত মতামত জানানো হবে বলেও জানান আইন উপদেষ্টা।
মানবকণ্ঠ/আরআই




Comments