Image description

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি। ভোটারদের হয়রানি কমাতে ও তথ্য সহজলভ্য করতে ‘Smart Election Management BD’ নামে একটি মোবাইল অ্যাপ চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই অ্যাপের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর ব্যবহার করে ঘরে বসেই ভোটকেন্দ্রের নাম, নম্বর ও অবস্থান জানতে পারবেন ভোটাররা।

সম্প্রতি সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক। তিনি জানান, ‘Smart Election Management BD’ অ্যাপটি গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোরে পাওয়া যাচ্ছে।

এই অ্যাপের মাধ্যমে ভোটাররা তাদের নির্ধারিত ভোটকেন্দ্রের জিও লোকেশন, কেন্দ্রের ছবি, কেন্দ্র পর্যন্ত দূরত্ব এবং ম্যাপসহ বিস্তারিত তথ্য দেখতে পারবেন। ফলে ভোটের দিন ভোটকেন্দ্র খুঁজে পেতে আর কোনো বিড়ম্বনায় পড়তে হবে না।

এ ছাড়া অ্যাপটিতে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর তথ্য, নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের হলফনামা, নির্বাচনসংক্রান্ত বিভিন্ন নির্দেশনা এবং নির্বাচনের ফলাফল সম্পর্কিত তথ্যও পাওয়া যাবে।

ভোটারদের মোবাইল ফোনে অ্যাপটি ইনস্টল করার পর জন্মতারিখ ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নম্বর প্রদান করলে স্বয়ংক্রিয়ভাবে প্রয়োজনীয় তথ্য প্রদর্শিত হবে। এতে ভোটার আইডি নম্বর, নির্ধারিত ভোটকেন্দ্রের নাম ও ঠিকানা, ভোট দেওয়ার সিরিয়াল নম্বরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য অন্তর্ভুক্ত থাকবে।

মানবকণ্ঠ/আরআই