নির্বাচন ২০২৬
ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধের সিদ্ধান্ত প্রত্যাহার ইসির
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটকেন্দ্রের চারশ’ গজের মধ্যে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা প্রত্যাহার করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগের দিন জারি করা নির্দেশনা বাতিল করে ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ভোটকেন্দ্রের চারশ’ গজের মধ্যে মোবাইল ফোন ব্যবহারের ওপর আর কোনো নিষেধাজ্ঞা থাকছে না।
এর আগে রোববার (৮ ফেব্রুয়ারি) ইসির জ্যেষ্ঠ সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত নির্দেশনায় ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে সাধারণ ভোটারদের জন্য মোবাইল ফোন বহন নিষিদ্ধ করা হয়েছিল। ওই নির্দেশনায় কেবল প্রিসাইডিং অফিসার, দায়িত্বপ্রাপ্ত পুলিশ ইনচার্জ, আনসার সদস্য এবং ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারকারী দুজন আনসার সদস্যকে মোবাইল ফোন ব্যবহারের অনুমতি দেওয়া হয়।
তবে নির্দেশনা জারির মাত্র একদিনের মধ্যেই সিদ্ধান্ত পরিবর্তন করে ইসি। ফলে এখন সাধারণ ভোটাররাও ভোটকেন্দ্রের আশপাশে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন।
মানবকণ্ঠ/আরআই




Comments