ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে। এদিন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে এবং জনসাধারণের সুবিধার্থে সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, যদিও এদিন সাধারণ ছুটি থাকবে, তবে জরুরি ও নির্বাচন সংশ্লিষ্ট কিছু সেবা, ব্যক্তি ও প্রতিষ্ঠান এই ছুটির আওতার বাইরে থাকবে।
ছুটির বাইরে থাকবে যেসব সেবা ও প্রতিষ্ঠান:
জরুরি সেবা: হাসপাতাল, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, পানি সরবরাহ এবং জরুরি টেলিযোগাযোগ সেবা স্বাভাবিকভাবে চালু থাকবে।
সংবাদমাধ্যম: সংবাদপত্র, অনলাইন নিউজ পোর্টাল, টেলিভিশন চ্যানেলের অফিস ও গণমাধ্যমকর্মীরা ছুটির আওতামুক্ত থাকবেন।
আইনশৃঙ্খলা বাহিনী: পুলিশ, আনসার, র্যাব ও নির্বাচনী দায়িত্বে নিয়োজিত সেনাবাহিনী সদস্যরা দায়িত্ব পালন করবেন।
নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা: রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের জন্য সাধারণ ছুটি প্রযোজ্য হবে না।
শিক্ষক: যেসব শিক্ষক ভোটকেন্দ্রে প্রিজাইডিং বা সহকারী প্রিজাইডিং অফিসারসহ নির্বাচনী দায়িত্বে থাকবেন, তাদের শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়মিত কার্যক্রম স্থগিত থাকবে; তবে তারা ভোটকেন্দ্রে পূর্ণ সময় দায়িত্ব পালন করবেন।
ব্যাংকার: যেসব ব্যাংক কর্মকর্তা-কর্মচারী ভোটকেন্দ্র বা রিটার্নিং অফিসারের সহকারী হিসেবে দায়িত্বে থাকবেন, তাদের জন্য সাধারণ ছুটি কার্যকর হবে না।
নির্বাচন সংশ্লিষ্ট দপ্তর: নির্বাচন কমিশন সচিবালয় ও এর অধীন মাঠপর্যায়ের সব অফিস ভোটের দিন পূর্ণ দিবস খোলা থাকবে।
মানবকণ্ঠ/আরআই




Comments