ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণায় দেরি হওয়ার মতো কোনো যৌক্তিক কারণ দেখছে না নির্বাচন কমিশন (ইসি)। সোমবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান ইসি সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, “১২ ফেব্রুয়ারি উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ হবে। নির্বাচনের ফলাফল দেরি হওয়ার কোনো যুক্তিসংগত কারণ নেই।”
এ সময় ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার সংক্রান্ত নির্দেশনা সংশোধনের কথাও জানান ইসি সচিব। তিনি বলেন, প্রার্থী ও ভোটাররা মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রে যেতে পারবেন এবং ছবি তুলতে পারবেন। সংবাদকর্মীরাও ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন। তবে গোপন কক্ষের ছবি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
আখতার আহমেদ আরও জানান, এবারের নির্বাচনে মোট ৫৪০ জন বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষক বাংলাদেশে আসবেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, সার্বিক পরিস্থিতি ভালো রয়েছে এবং বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নির্বাচন কমিশন কোনো প্রাণহানি চায় না বলেও উল্লেখ করেন তিনি।
মানবকণ্ঠ/আরআই




Comments