দীর্ঘ ১৭ বছর পর জাতীয় নির্বাচনকে ঘিরে ভোটারদের মধ্যে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। অনেকেই ভোট দেওয়ার মুহূর্তটি ছবি তুলে স্মরণীয় করে রাখতে চান। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
প্রথমে ভোটকেন্দ্রের চারশ গজের মধ্যে মোবাইল ফোন নেওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হলেও সমালোচনার মুখে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়। পরে ইসি জানায়, ভোটের দিন ভোটার, প্রার্থী, এজেন্ট ও সাংবাদিকরা ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে যেতে পারবেন এবং ছবি তুলতেও পারবেন।
তবে গোপন কক্ষ বা বুথের ভেতরে মোবাইল ফোন নেওয়া এবং ছবি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ। অর্থাৎ, যেখানে ব্যালট পেপারে ভোট প্রদান করা হয়, সেই স্থানে মোবাইল ব্যবহার করা যাবে না।
এছাড়া সাধারণ ভোটারদের ভোটকেন্দ্রের ভেতরে অবাধে মোবাইল ব্যবহার বা সেলফি তোলার সুযোগ রাখা হয়নি। ফলে কেন্দ্রের অভ্যন্তরে ঢুকে ছবি তোলার সুযোগ নেই।
ভোটের দিন মোবাইল ও ইন্টারনেট সচল রাখতে ২৪ ঘণ্টা বিশেষ টিম দায়িত্ব পালন করবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫৪ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৫ জন এবং হিজড়া ভোটার ১,২২০ জন।
৩০০ আসনের মধ্যে সবচেয়ে কম ভোটার রয়েছে ঝালকাঠি-১ আসনে—২ লাখ ২৮ হাজার ৪৩১ জন। আর সর্বোচ্চ ভোটার গাজীপুর-২ আসনে—৮ লাখ ৪ হাজার ৩৩৩ জন।
নির্বাচনী দায়িত্বে প্রায় ৮ লাখ কর্মকর্তা নিয়োজিত থাকবেন। পাশাপাশি প্রায় ৯ লাখ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিরাপত্তা নিশ্চিতে দায়িত্ব পালন করবেন।
মানবকণ্ঠ/আরআই




Comments