ঢাকা-৮ আসনের ফলাফল নিয়ে অভিযোগ ও পাল্টা অভিযোগকে কেন্দ্র করে গভীর রাতে উত্তপ্ত হয়ে ওঠে ঢাকা বিভাগীয় রিটার্নিং অফিসারের কার্যালয়। ওই আসনের অন্তত ৬টি কেন্দ্রে ফলাফল পাল্টে দেওয়ার অভিযোগ নিয়ে ১১-দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী হাজির হওয়ার পর সেখানে আসেন বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এনসিপি মনোনীত প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরীর সঙ্গে দেখা করতে তার কক্ষে প্রবেশ করেন। তার সঙ্গে থাকা প্রধান নির্বাচনি এজেন্ট শাহীন আহমেদ অভিযোগ করেন যে, সিদ্বেশ্বরী বালক উচ্চ বিদ্যালয়, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ইস্কাটন বালক উচ্চ বিদ্যালয়, পল্টনের পরিবার পরিকল্পনা কেন্দ্র, মাহবুব আলী ইনস্টিটিউট ও মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্রে ফলাফল পাল্টানোর চেষ্টা চলছে।
শাহীন আহমেদ বলেন, “এই কেন্দ্রগুলোতে আমাদের প্রার্থী এগিয়ে থাকার পরেও ফলাফল ঘোষণা করা হচ্ছে না। এজেন্টদের আটকে রেখে তিনবার করে ভোট গণনা করা হচ্ছে এবং বাতিল ভোট যুক্ত করে মির্জা আব্বাসকে এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে।” এসব অভিযোগ জানিয়ে দীর্ঘ দুই ঘণ্টা অবস্থানের পর রাত সাড়ে ১০টার দিকে কোনও কথা না বলেই কার্যালয় ত্যাগ করেন নাসীরুদ্দীন পাটওয়ারী।
নাসীরুদ্দীন পাটওয়ারী চলে যাওয়ার কিছুক্ষণ পরই রাত পৌনে ১১টার দিকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আসেন আফরোজা আব্বাস।
কার্যালয় সূত্রে জানা গেছে, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর তোলা অভিযোগের বিষয়ে ব্যাখ্যা চাইতেই তাকে ডাকা হয়েছিল। তবে আফরোজা আব্বাসের আগমনকে কেন্দ্র করে কার্যালয়ের বাইরে কয়েকশ বিএনপি নেতাকর্মী জড়ো হয়ে মির্জা আব্বাসের পক্ষে স্লোগান দিতে থাকেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, “নাসীরুদ্দীন পাটওয়ারী কিছু অভিযোগ করেছেন। আমরা সব বিষয় খতিয়ে দেখছি। তবে অফিসিয়ালি এই মুহূর্তে বিস্তারিত কিছু বলা সম্ভব নয়।”
নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে ওই কেন্দ্রগুলোর চূড়ান্ত ফলাফল যাচাই-বাছাই চলছে। ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।




Comments