Image description

রাজশাহীর ৬টি সংসদীয় আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৪টি আসনে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ২টি আসনে জয়লাভ করেছে।

রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে রাত ২টার দিকে বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আফিয়া আখতার।

ঘোষিত ফলাফল অনুযায়ী, রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে ১ লাখ ৭১ হাজার ৭৮৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী ও দলটির নায়েবে আমীর মো. মুজিবুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মো. শরীফ উদ্দীন পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৯০২ ভোট।

রাজশাহী-২ (সদর) আসনে ১ লাখ ২৮ হাজার ৫৪৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির চেয়ারম্যানের উপদেষ্টা মো. মিজানুর রহমান মিনু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর পেয়েছেন ১ লাখ ৩৭০ ভোট।

রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে ১ লাখ ৭৬ হাজার ৩১৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক মোহাম্মদ শফিকুল হক মিলন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী মো. আবুল কালাম আজাদ পেয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৯২৭ ভোট। 

রাজশাহী-৪ (বাগমারা) আসনে ১ লাখ ১৫ হাজার ২২৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও দলটির বাগমারা উপজেলা শাখার নায়েবে আমির মো. আব্দুল বারী সরদার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ডি.এম.ডি জিয়াউর রহমান পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৪৬১ ভোট। 

রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে ১ লাখ ৫৩ হাজার ৪২৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির রাজশাহী জেলা শাখার সদস্য অধ্যাপক নজরুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী মনজুর রহমান পেয়েছেন ৭৩ হাজার ৪৪৫ ভোট।

রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে ১ লাখ ৪৮ হাজার ৬৭২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির রাজশাহী জেলা শাখার আহবায়ক মো. আবু সাঈদ চাঁদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী মো. নাজমুল হক পেয়েছেন ৯২ হাজার ৯৬৫ ভোট।