স্বনির্ভর বাংলাদেশ গড়তে হলে প্রতিশোধ-প্রতিহিংসা নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পুরস্কার পদক প্রদান অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের প্রত্যাশিত স্বনির্ভর বাংলাদেশ গড়তে হলে প্রতিশোধ, প্রতিহিংসা কিংবা অযথা বিতর্ক নয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলতেন, জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা। সেই কথা স্মরণ করেই বলতে চাই, আমাদের পথ-মত ভিন্ন হতে পারে। আমাদের মধ্যে বিভিন্ন ইস্যুতে বিতর্ক, বিরোধ থাকতে পারে; তবে এটা যেন শত্রুতায় রূপ না নেয়।’
বাংলাদেশের স্বার্থবিরোধীরা এখনো তৎপর উল্লেখ করে সবাইকে সচেতন থাকারও আহ্বান জানান সরকারপ্রধান। তিনি জানান, জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করা হবে।
প্রধানমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার জনগণের কাছে দায়বদ্ধ, তাই জনগণের বিচলিত হওয়ার কোনো কারণ নেই।’
এ বছর স্বাধীনতা পুরস্কার পেয়েছেন ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫টি প্রতিষ্ঠান। পদকপ্রাপ্তদের মধ্যে আছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, মেজর মোহাম্মদ আবদুল জলিল এবং সাবেক সচিব অধ্যাপক জহুরুল করিম।
অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা, স্বর্ণপদক, পদকের একটি রেপ্লিকা ও একটি সম্মাননাপত্র তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মরণোত্তর স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বেগম খালেদা জিয়ার পক্ষে পদক গ্রহণ করেন তাঁর নাতনি জাইমা রহমান।




Comments