Image description

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নিরঙ্কুশ ও ঐতিহাসিক বিজয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু। একই সাথে তিনি দুই দেশের বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় প্রেসিডেন্ট মুইজ্জু এই অভিনন্দন ও শুভেচ্ছা জানান। 

বার্তায় তিনি বলেন, “বাংলাদেশে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) অসাধারণ বিজয়ের জন্য তারেক রহমানকে অভিনন্দন। একই সাথে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।”

দুই দেশের দীর্ঘস্থায়ী সম্পর্কের কথা উল্লেখ করে মালদ্বীপের প্রেসিডেন্ট আরও বলেন, “মালদ্বীপ ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব ও সহযোগিতা আরও এগিয়ে নিতে এবং সম্পর্ক গভীর করতে আমি একসাথে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছি।” তিনি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন।

উল্লেখ্য, ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারের পতনের প্রায় দেড় বছর পর গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৩০০ আসনের মধ্যে দুই শতাধিক আসনে জয় নিশ্চিত করে দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি। বিএনপির এই ল্যান্ডস্লাইড বিজয়ে ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা তারেক রহমানকে অভিনন্দন জানাতে শুরু করেছেন। এর আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তারেক রহমানকে ‘ভাই’ সম্বোধন করে অভিনন্দন জানিয়েছেন।

মানবকণ্ঠ/ডিআর