ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুটি আসন থেকে বিজয়ী বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ আসনটি রেখে বগুড়া-৬ আসনটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তার এই সিদ্ধান্তের প্রেক্ষিতে সোমবার (১৬ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) বগুড়া-৬ আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে।
ইসি সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত ওই গেজেটে উল্লেখ করা হয়, নবনির্বাচিত প্রার্থী তারেক রহমান বাংলাদেশের সংবিধানের ৭১ অনুচ্ছেদের (২)(ক) দফার বিধান অনুসারে ঢাকা-১৭ আসনের প্রতিনিধিত্ব করার ইচ্ছা প্রকাশ করে নির্বাচন কমিশনের কাছে স্বাক্ষরিত ঘোষণাপত্র দাখিল করেছেন। এর ফলে ১৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ থেকে নির্বাচনী এলাকা বগুড়া-৬ আসনটি আনুষ্ঠানিকভাবে শূন্য ঘোষণা করা হলো।
আইন অনুযায়ী, কোনো ব্যক্তি একাধিক আসনে নির্বাচিত হলে গেজেট প্রকাশের পর ৩০ দিনের মধ্যে তাকে একটি আসন বেছে নিতে হয়। তারেক রহমান বগুড়া-৬ আসনে ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট পেয়ে এবং ঢাকা-১৭ আসনে ৭২ হাজার ৬৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন। শেষ পর্যন্ত তিনি রাজধানীর গুরুত্বপূর্ণ আসন ঢাকা-১৭ ধরে রাখাকেই প্রাধান্য দিলেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments