টি-টোয়েন্টি বিশ্বকাপে উইল জ্যাকসের রেকর্ড গড়া দ্রুততম ফিফটি আর বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ইতালিকে হারিয়ে সুপার এইট নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) কলকাতার ইডেন গার্ডেন্সে গ্রুপ ‘সি’-এর ম্যাচে নবাগত ইতালিয়ানদের ২৪ রানে হারিয়েছে ইংলিশরা। ম্যাচ হারলেও বড় লক্ষ্য তাড়া করতে নেমে নবাগত ইতালির সাহসী লড়াই ক্রিকেট বিশ্বে প্রশংসিত হচ্ছে।
এদিন টসে জিতে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২০২ রানের পাহাড় গড়ে ইংল্যান্ড। এক সময় ১২.৪ ওভারে ১০৫ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়েছিল ইংলিশরা। সেখান থেকে দলকে টেনে তোলেন উইল জ্যাকস ও স্যাম কুরান। ষষ্ঠ উইকেট জুটিতে তারা ২৫ বলে যোগ করেন ৫৪ রান। মাত্র ২১ বলে অর্ধশতক পূর্ণ করেন উইল জ্যাকস, যা টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে কোনো ইংলিশ ব্যাটারের দ্রুততম ফিফটি। শেষ পর্যন্ত ২২ বলে ৩টি চার ও ৪টি ছক্কায় ৫৩ রানে অপরাজিত থাকেন তিনি। এছাড়া টম ব্যান্টন ৩০ ও ফিল সল্ট ২৮ রান করেন। ইতালির পক্ষে স্টুয়ার্ট ও কালুগামাগে ২টি করে উইকেট নেন।
২০৩ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে ইতালি। জোফরা আর্চারের তোপে মাত্র ১ রানেই ২ উইকেট এবং ২২ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে তারা। কিন্তু সেখান থেকেই শুরু হয় বেন মানেন্তি ও জাস্টিন মস্কার তাণ্ডব। এই জুটি মাত্র ৭ ওভারে ৯২ রান সংগ্রহ করে ম্যাচ জমিয়ে তোলেন। জাস্টিন ৪৩ রান করে আউট হলেও মানেন্তি মাত্র ২৫ বলে ৬০ রানের (৪ চার, ৬ ছক্কা) বিধ্বংসী ইনিংস খেলেন। এক পর্যায়ে মনে হচ্ছিল ইংল্যান্ড বুঝি বড় অঘটনের শিকার হতে যাচ্ছে।
তবে দলীয় ১৩৫ রানে মানেন্তি বিদায় নিলে ইতালির ইনিংসে মড়ক লাগে। শেষ দিকে গ্রান্ট স্টুয়ার্ট ২৩ বলে ৪৫ রানের লড়াকু ইনিংস খেললেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। ২০ ওভারে ১৭৮ রানে অলআউট হয় ইতালি। ইংল্যান্ডের পক্ষে স্যাম কুরান ও জেমি ওভারটন ৩টি করে উইকেট শিকার করেন।
এই জয়ের ফলে ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘সি’ থেকে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সুপার এইট নিশ্চিত করল ইংল্যান্ড। অন্যদিকে, ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে আগেই জায়গা করে নিয়েছিল ক্যারিবীয়রা। ইংল্যান্ডের এই জয়ের ফলে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে গেল স্কটল্যান্ড, নেপাল ও দারুণ লড়াই করা ইতালির।
মানবকণ্ঠ/ডিআর




Comments