Image description

ফাঁকা আশ্বাস নয়, বাস্তব কাজের মাধ্যমে ফল দেখাতে চান বলে জানিয়েছেন বিএনপি সরকারের বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে দায়িত্ব নেওয়ার প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এবং বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।

রমজানকে কেন্দ্র করে প্রতি বছর বাজারে ‘সিন্ডিকেট’ প্রসঙ্গ সামনে আসে—এ বিষয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, তিনি কথার ফুলঝুরি ছড়াতে চান না। “আমি আপনাদের সাউন্ড বাইট দেব না। ইনশাল্লাহ কাজ করে দেখাবো। আমরা বিগত সরকারের মতো আচরণ করব না,” বলেন তিনি।

বর্তমান চ্যালেঞ্জ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আপাতত রমজান মাস সুষ্ঠুভাবে পার করাই বড় লক্ষ্য। সরকারি ব্যবস্থাপনার মাধ্যমে মানুষের প্রত্যাশা পূরণে সফল হওয়ার আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, সফলতার কোনো বিকল্প নেই।

রোজাকে বড় পরীক্ষা হিসেবে দেখছেন কি না—এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বাজার তার নিজস্ব নিয়মে চলে এবং সরবরাহ স্বাভাবিক থাকলে বাজার স্থিতিশীল থাকে। রমজানে যেসব পণ্যের চাহিদা বাড়ে, সেগুলোর মজুদ পরিস্থিতি সরকার পর্যবেক্ষণ করছে বলেও জানান তিনি।

তার ভাষ্য, বর্তমানে সরকার ‘কমফোর্টেবল পজিশনে’ আছে। অনেকেই রমজানের শুরুতেই সারা মাসের বাজার করে ফেলেন, ফলে সাময়িকভাবে খুচরা বাজারে চাপ পড়ে। তবে এ প্রভাব দীর্ঘস্থায়ী হয় না।

ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এ বিষয়ে যথাসময়ে জানানো হবে। দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই বিস্তারিত ঘোষণা দেওয়া সম্ভব নয় বলেও উল্লেখ করেন মন্ত্রী।

মানবকণ্ঠ/আরআই